সদরঘাট-গুলিস্তান সড়কে তিন ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহদুরশাহ পার্ক এলাকায় সদরঘাট-গুলিস্তান সড়কে তিন ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে যান চলাচল শুরু হয়। অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুপুরে ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় এক ছাত্রসহ দুজন আহত হন।বিক্ষুব্ধ ছাত্ররা বাহদুরশাহ পার্ক এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। ওই সংঘর্ষে এক বাসচালক আহত হলে শ্রমিকেরা দুপুরে ধর্মঘটের ডাক দেন।বিকেল পাঁচটার পর সীমিত আকারে যান চলাচল শুরু হলেও নিরাপত্তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর যাত্রা বাতিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টায় বাসের ভাড়া নিয়ে সরকারি কবি নজরুল কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে পরিবহন শ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে সুপ্রভাত পরিবহনের এক চালককে মারধর করেন। ছাত্ররা এ সময় কয়েকটি বাসও ভাঙচুর করেন। পরে দুপুর থেকে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা সদরঘাট-গুলিস্তান সড়কে পরিবহন ধর্মঘট শুরু করেন।বিকেল তিনটার দিকে শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ছাড়ে। বাসগুলো গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে পরিবহন শ্রমিকেরা সংগঠিত হয়ে বাসগুলো আটকে রাখেন। শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে বাসের জানলার কাচ ভেঙে বাংলা বিভাগের এক ছাত্র আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ ও শ্রমিক নেতাদের সহযোগিতায় বাস দুটি আধঘণ্টা পর ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বাহদুরশাহ পার্ক এলাকায় সড়কে থাকা ৮-১০টি বাস ভাঙচুর করেন।পরে পুলিশ মারমুখী অবস্থান নিলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ ও প্রক্টর কাজী আসাদুজ্জামান ছাত্রদের মাইকে শান্ত করার চেষ্টা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন শান্ত।এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করেন।