আগামী ১১ মার্চ রাজধানীর সদরঘাট থেকে উত্তরার আবদুল্লাহপুর সেতু পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দল। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ সময় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামী ৯ মার্চ জেলায় জেলায় করা মানববন্ধনে কেন্দ্রীয় নেতারা নিজ নিজ জেলায় উপস্থিত থাকবেন।আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা জানান।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম প্রমুখ।মাহবুব উল আলম হানিফ বলেন, যত দিন না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা হয় এবং যুদ্ধাপরাধীদের বিচার হয়, তত দিন ১৪ দল ঐক্যবদ্ধ থাকবে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি।’অন্তর্বর্তী সরকার নিয়ে ১৪ দলের মধ্যে মতভেদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, আজ এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।আমির হোসের আমু বলেন, ‘অনৈক্য থাকলে ঐক্যের প্রশ্ন আসে। আমাদের মধ্যে ঐক্য আছে।’