রাজধানীর মোহাম্মদপুর এলাকার বৃদ্ধ আকরাম হোসেন নৌ-ধর্মঘটের কথা জানতেন না। গতকাল মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর যাওয়ার উদ্দেশে সদরঘাট টার্মিনালে এসে দেখেন কোনো লঞ্চ নেই। ধর্মঘটের কথা শুনে তিনি মাথায় হাত দিয়ে বসেন। স্ত্রী ও পরিবারের বাকি সদস্যদের নিয়ে এখন কী করবেন ভেবে অস্থির হয়ে যান। ক্ষোভের সঙ্গে তিনি বললেন, যাঁরা ধর্মঘট ডাকেন, তাঁরা যাত্রীদের দুর্ভোগের বিষয়টি খেয়াল করেন না কেন? আকরাম হোসেনের মতো গতকাল এমন প্রশ্ন ছিল সারা দেশের হাজার হাজার লঞ্চযাত্রীর। ধর্মঘটের কথা বেশির ভাগ যাত্রীই জানতেন না। তাঁরা পড়েন মহা দুর্ভোগে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১৭টি বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। নৌযান শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো, নতুন বেতন কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়নসহ ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত সোমবার মধ্যরাত থেকে এ কর্মসূচি শুরু হয়। ঢাকা নদীবন্দর সদরঘাটসহ দেশের বিভিন্ন নৌবন্দর ও ঘাটে কয়েক হাজার যাত্রী সারা রাত পন্টুন, গ্যাংওয়ে ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের মেঝেতে রাত কাটিয়েছেন। অভ্যন্তরীণ অনেক নৌরুটে শ্রমিকেরা কর্মবিরতি পালন করলেও গুরুত্বপূর্ণ কাওড়াকান্দি-মাওয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কর্মসূচি পালন হয়নি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, ২২ দফা দাবিতে দেশের ২০ হাজার নৌযানে (কার্গো, কোস্টার, ট্যাংকার, বার্জ ও লঞ্চ) কর্মরত দেড় লাখ নৌযান শ্রমিক এ ধর্মঘটের ডাক দেন। তবে শ্রমিকদের একটি পক্ষ ধর্মঘট সমর্থন করেনি বলে জানা যায়।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌ-ধর্মঘটের বিষয়ে দুঃখ প্রকাশ করে গতকাল প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি মানা-না মানার বিষয়টি মালিকদের। আলোচনার মাধ্যমে তাঁরা সমঝোতায় যেতে পারেন। অথচ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সদরঘাটে দুর্ভোগ: সদরঘাট টার্মিনাল থেকে গতকাল সকালে দক্ষিণাঞ্চলের ৩৮টি রুটে কোনো যাত্রীবাহী লঞ্চ ছাড়েনি। তবে সন্ধ্যা ছয়টার দিকে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমার এমভি শেনা ও সন্ধ্যা সাতটায় এমভি নেপচা বরিশাল, খুলনা ও বাগেরহাটের উদ্দেশে রওনা দেয়। স্টিমারগুলোতে যাত্রীসংখ্যা ছিল স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশি। অনেকে ছাদে গিয়ে বসেন। এদিকে অনেক যাত্রী সকালে সদরঘাটে এসে দুর্ভোগে পড়েন। এর আগে সোমবার রাতে অনেক যাত্রী টার্মিনালে এসে লঞ্চ না পেয়ে নির্ঘুম রাত কাটান। তাঁরা সন্ধ্যা পর্যন্ত টার্মিনালে বসে থাকেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. শাহ আলম বলেছেন, তাদের দাবি-দাওয়ার ব্যাপারে মালিক ও সরকারপক্ষ গতকাল কোনো যোগাযোগ করেনি। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে নৌযান শ্রমিকদের ধর্মঘট ডাকার প্রতিবাদে গতকাল বিকেলে সরদঘাট টার্মিনাল এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১৭টি বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসি) সূত্র জানায়, ১৭টি জাহাজ থেকে পণ্য খালাসের জন্য ৩২টি লাইটার জাহাজ বুকিং দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, মোট ১৭টি জাহাজের মধ্যে অপরিশোধিত চিনি, লবণ, ও খাদ্যশস্যবাহী পাঁচটি জাহাজ আছে। এ ছাড়া আটটি সিমেন্ট তৈরির ক্লিংকার, দুটি সার এবং দুটি সাধারণ পণ্যবাহী জাহাজ রয়েছে।জাহাজ কোম্পানিগুলো জানায়, প্রতিটি জাহাজ এক দিনের ভাড়া গড়ে ১০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে ১৭টি জাহাজে গতকাল কোনো কাজ না হওয়ায় অন্তত এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ গুনতে হবে। মংলা: মংলা বন্দর এলাকার বিভিন্ন জেটি ও পশুর নদীতে অবস্থানরত নৌযানগুলো কোনো পণ্য পরিবহন করেনি। ফলে মংলা বন্দর এলাকার সিমেন্ট কারখানাগুলোর কাঁচামাল পরিবহন বন্ধ রয়েছে।বাঘাবাড়ী নৌবন্দর: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে গতকাল সকাল থেকে জাহাজ থেকে সার, তেলসহ সব ধরনের মালামাল খালাস বন্ধ রয়েছে। বাঘাবাড়ীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) যমুনা কোম্পানির ডিপো ব্যবস্থাপক ইউসুফ জানান, গতকাল বন্দরে কোনো জাহাজ আসেনি ও কোনো জাহাজ থেকে তেল খালাস হয়নি। তবে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক ছিল।চাঁদপুর: গতকাল সকাল থেকে চাঁদপুর থেকে ঢাকা বা অন্য কোনো রুটে লঞ্চ চলাচল করেনি।ধর্মঘট হয়নি: কাওড়াকান্দি-মাওয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌ-চলাচল স্বাভাবিক ছিল। গতকাল এ ঘাটগুলোতে গিয়ে দেখা যায়, মানুষ ও পণ্য পারাপার হচ্ছে। কাওড়াকান্দি ঘাটে বেপারী এক্সপ্রেস নামে লঞ্চের সুকানি নুরু ঢালি জানান, এ রুটের শ্রমিকেরা কিছু সুযোগ-সুবিধা পান বলে তাঁরা ধর্মঘটে আগ্রহী নন। একই মতামত দেন আরিচা লঞ্চ মালিক ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। এর আগে গত বছরের ৮ নভেম্বর একই দাবিতে ৩৭ ঘণ্টা ধর্মঘট পালন করেন নৌ-শ্রমিকেরা। প্রশাসন, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে দুই মাসের মধ্যে দাবি পূরণের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। (প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক: ঢাকা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ, বাগেরহাট, চাঁদপুর, শিবচর (মাদারীপুর), গোয়ালন্দ (রাজবাড়ী), কেরানীগঞ্জ প্রতিনিধি এবং মংলা সংবাদদাতা)