সদরঘাটে আজও ঘরমুখী মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষ নদী পথে বাড়ি যাওয়ার জন্য আজ শুক্রবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় জমাতে থাকে। একেকটি লঞ্চ এলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৭টি লঞ্চ এসেছে। এর মধ্যে ১৩টি লঞ্চ যাত্রী নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে। প্রত্যেকটি লঞ্চেই অতিরিক্ত যাত্রী ছিল। শরীয়তপুর, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, চাঁদপুর ও বরগুনাগামী লঞ্চগুলোতে যাত্রীর সংখ্যা অরেক বেশি। এদিকে যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে বিআইডব্লিউটিএ, বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউট সমন্বয়ে সেবামূলক সংগঠন গঠন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদরঘাট টার্মিনালে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, দুই ঈদে ঘরমুখো যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এই সংগঠনের উদ্বোধন করা হচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন পয়েন্টে যাত্রী সেবা নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করার ব্যাপারে কাজ করবে।নৌমন্ত্রী লঞ্চ মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘অধিক মুনাফার চিন্তা না করে যাত্রীদের জীবনের নিরাপত্তার দিকে নজর দিয়ে লঞ্চ চালাবেন। অতিরিক্ত যাত্রী বহন করবেন না।’ মন্ত্রী এ সময় বলেন, সরকারের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে।