সদরঘাটে চলতি পথে ইফতার
টার্মিনাল টিকিট কেটে সদরঘাট নৌবন্দরে ঢোকেন আবদুল মুকিত। মাগরিবের আজানের আর মিনিট খানেক বাকি। পথে সামান্য ইফতারি নেওয়া ছিল। পানির জন্য দোকানে যেতেই শুরু হয় আজান। পেছন ফিরে দেখেন, অনেক রোজাদার একসঙ্গে বসে ইফতার নিচ্ছেন। বসে যান আবদুল মুকিতও। শরবত খেয়ে ইফতার মুখে নেন মুকিত।সদরঘাট নৌবন্দরে এমন যাত্রী, পথচারী এবং গরিব মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার তিনজন কর্মচারী মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান ও হান্নান খান। নিজেরা এবং লঞ্চ মালিকদের থেকে সহযোগিতা নিয়ে তাঁরা এই আয়োজন করেন পবিত্র রমজানের পুরো এক মাস।সদরঘাট নৌবন্দর টার্মিনালে মুসল্লিদের নামাজের জন্য একটি পাঞ্জেগানা মসজিদ আছে। মসজিদের ভেতরে এবং বাইরে বেষ্টনী দিয়ে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। মসজিদের মুয়াজ্জিন মো. মামুনুর রশীদ ও খাদেম মনির হোসেন ইফতারের যাবতীয় আয়োজন নিজ হাতে করেন। তাঁদের সহযোগিতা দেন তিন উদ্যোক্তা, ওই তিন কর্মচারী। ইফতারির মধ্যে আছে চিনির শরবত। এর সঙ্গে ভাজা ছোলা, মুড়ি ও পেঁয়াজু।আয়োজকদের একজন মোহাম্মদ হোসেন জানান, তিন বছর আগে তাঁরা কয়েকজন মিলে এই ইফতারের আয়োজন শুরু করেছিলেন। গত বছর ইফতারে ২৫ থেকে ৩০ জনের মতো অংশ নিতেন। এবার এর সংখ্যা বাড়ছে। গত কয়েক দিনে ৫০ থেকে ৭০ জনের মতো মুসল্লি ইফতারে অংশ নিয়েছেন। মানুষের চাপ বাড়লে ইফতারির পরিমাণ কমে যায়, জানালেন তিনি। আয়োজকদের আরেকজন জানান, তাবলিগ জামায়াতের প্রতিনিধিদল প্রায়ই নদীপথে যাতায়াত করে। এ ধরনের জামায়াত সাধারণত এই মসজিদে এসে অবস্থান নেয়। তারাও অনেক সময় ইফতারে শরিক হয়। অনেক সময় সচ্ছল যাত্রীরা স্বেচ্ছায় টাকা দিয়ে অথবা ফলফলাদি নিয়ে ইফতারে যোগ দেন। সদরঘাট নৌবন্দর দিয়ে নদীপথে যাত্রীদের চলাচল বাড়ে বিকেলের পর। দক্ষিণাঞ্চলের দিকে কিছু লঞ্চ ছেড়ে যায় সন্ধ্যার পর। ফলে ইফতারের সময় বেশ সরগরম থাকে সদরঘাট নদীবন্দর। গতকাল সদরঘাট নৌবন্দরে গিয়ে দেখা যায়, লঞ্চে বসে যাত্রীরা ইফতার করছেন। এ ছাড়া টার্মিনালের পন্টুনেও ইফতার করছেন অনেকে। তবে ইফতার আয়োজন নিয়ে মুসল্লিদের বড় জমায়েতটি হয় মসজিদ ঘিরে। এতে অংশ নেওয়া মুসল্লিদের কিছু আছেন লঞ্চযাত্রী। আর বেশির ভাগই দিনমজুর।ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চ জলতরঙ্গের মালিক হাফিজুর রহমান এই ইফতার আয়োজনের একজন পৃষ্ঠপোষক। তিনি প্রথম আলোকে বলেন, বস্তুত লঞ্চ মালিক সমিতির কয়েকজন কর্মচারীর উদ্যোগে এই ইফতারের আয়োজন শুরু হয়। তাঁরা লঞ্চ মালিকদের কাছ থেকে সহায়তা নিয়ে এই আয়োজন করেন।