সদরঘাটে নানা বিড়ম্বনার শিকার লঞ্চযাত্রীরা
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী দক্ষিণাঞ্চলের যাত্রীরা সদরঘাট লঞ্চ টার্মিনালে নানা বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হচ্ছে। রাজধানীর নয়াবাজার এলাকায় পশুর হাটের কারণে যানজটে পড়ে পরিজন ও মালামাল নিয়ে ঘাটে পৌঁছানোর আগেই একদফা নাকাল হতে হচ্ছে মানুষকে। দ্বিতীয় দফায় দুর্ভোগে পড়তে হচ্ছে ঘাঁটে পৌঁছানোর পর। এ দুর্ভোগের কারণ নৌযান সংকট, হকারদের উৎপাত ও অতিরিক্ত ভাড়া।নয়াবাজারে পশুর হাট বসানোর ফলে পুরান ঢাকার বংশাল, নবাবপুর, তাঁতীবাজার, রায়সাহেব বাজার ও সদরঘাট এলাকায় সড়কপথে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। রাস্তার ওপর গরু-ছাগলের কারণে যানবাহন এগোতেই পারছে না। দীর্ঘক্ষণ যানজটে আটকে নিরুপায় হয়ে অনেকে মালামাল নিয়ে হেঁটেই চলে যান টার্মিনালে।একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী মো. নুরুজ্জামান যাত্রা করেছেন বরিশালের উদ্দেশে। তিনি গতকাল শনিবার বলেন, ‘সকাল ১০টার দিকে মিরপুর থেকে রওনা দিয়েছি। শুধু গুলিস্তান থেকে সদরঘাটে পৌঁছাতে সময় লেগেছে দেড় ঘণ্টা। রাস্তার ওপর গরু-ছাগলের হাট। এগুলো সরানোর জন্য কারও মাথাব্যথা নেই।’গতকাল দুপুর দুইটার পর থেকে সদরঘাট টার্মিনালে লঞ্চের সংকট দেখা দেয়। লঞ্চ না পেয়ে ঘরমুখো হাজার হাজার মানুষ পন্টুনে অবস্থান নেয়।পিরোজপুরের ভান্ডারিয়াগামী এমভি শাহীদুল লঞ্চের যাত্রী মোহন মিয়া বলেন, ‘লঞ্চের ডেকে ভাড়া চাচ্ছে ২৭০ টাকা। অথচ গত মাসে ঢাকায় এসেছি ২০০ টাকা দিয়ে।’তবে ওই লঞ্চের কর্মচারী বেলাল হোসেন জানান, যাত্রীদের অভিযোগ ঠিক নয়। সরকার-নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হচ্ছে।পটুয়াখালীগামী এমভি আচল-২ লঞ্চের যাত্রী কবির হোসেন জানান, টার্মিনালে খাবার পানি ও শৌচাগারের ব্যবস্থা নেই। সরকার ঈদের সময় টার্মিনাল এলাকায় বিশুদ্ধ পানি ও শৌচাগারের ব্যবস্থা করলে সমস্যায় পড়তে হয় না।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. শফিকুল হক বলেন, ‘নয়াবাজার হাট তাঁতীবাজার চৌরাস্তা পর্যন্ত রাখার কথা ছিল কিন্তু সেটা অতিক্রম করে রায়সাহেব বাজার এলাকায় এসেছে। এ সমস্যা নিরসনের জন্য পুলিশকে জানানো হয়েছে।’লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন মিলন বলেন, ‘আজ (শনিবার) সকালে যেসব লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে, আশা করি রাতে সেগুলো ফিরে আসবে। তখন নৌযান সংকট কিছুটা লাগব হবে।’