সদরঘাটে লাঠি নিয়ে ঘাটশ্রমিক লীগের টহল
জাতীয় ঘাটশ্রমিক লীগের নেতা-কর্মীরা আজ সোমবার সকাল থেকে রাজধানীর সদরঘাট ও বুড়িগঙ্গা নদীতে টহল দিচ্ছেন। পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের এই টহল দিতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের কালীগঞ্জ চর ঘাট থেকে কোলামোড়া এলাকা পর্যন্ত আজ ভোর থেকে টহল দিচ্ছেন জাতীয় ঘাটশ্রমিক লীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ঢাকাগামী লোকজন নদীর পার থেকে ঘাটে অপেক্ষা করছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোর থেকে পুলিশের উপস্থিতিতে সদরঘাট এলাকায় লগি, বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে ট্রলারে চড়ে নদীতে টহল দিচ্ছে ঘাটশ্রমিক লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে ছোট নৌকাগুলোর মাঝি ও যাত্রীদের মারধরের চেষ্টা করেন তাঁরা। এ সময় আতঙ্কিত যাত্রীরা নৌকা থেকে দ্রুত নামতে গিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে সদরঘাট টার্মিনাল এলাকার উপপরিদর্শক (এসআই) প্রথম আলো ডটকমকে বলেন, ‘শ্রমিক লীগের নেতাদের কাজ নেই। তাই তাঁরা ট্রলারে চড়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন।’ তবে পুলিশ নৌযান চলাচলে বাধা দেওয়া হচ্ছে না বলে তিনি জানান।