সদরঘাটের নৌ-টার্মিনাল কার্যক্রম কুলিদের ব্যবস্থাপনায়
রাজধানীর সদরঘাট নৌ-টার্মিনালের ইজারাপ্রথা বাতিল হয়ে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে কুলিদের ব্যবস্থাপনায় এই টার্মিনালের কার্যক্রম পরিচালিত হবে। এখানে থাকবে ‘শ্রম যার, মজুরি তার’ নীতি।আজ বুধবার রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লি¬উটিএ) ভবনে ঢাকা সদরঘাটে কর্মরত বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রী জানান, ঢাকা নদীবন্দর ব্যবহারকারী যাত্রীদের হয়রানি বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বন্ধসহ সার্বিক স্বার্থে ইজারাপ্রথা বাতিল করা হচ্ছে। তবে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি শ্রমিকদের যেকোনো ধরনের অরাজকতা থেকে দূরে থাকার আহ্বান জানান।সভায় যাত্রীদের সুযোগসুবিধা বৃদ্ধি, কুলিদের নিবন্ধন দেওয়া প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।