সদস্য ও ছাড়পত্র ছাড়া টিভিতে কারও অনুষ্ঠান প্রচার না করার আহ্বান
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য ও ছাড়পত্র ছাড়া টিভি চ্যানেলগুলোতে অন্য কোনো নির্মাতার অনুষ্ঠান প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইম্যানুয়েল ব্যাঙ্কুয়েট হলে সংগঠনটির তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বক্তারা দেশের সব কটি টিভি চ্যানেল কর্তৃপক্ষের কাছে এই আহ্বান জানান। আরও জানানো হয়, এ ব্যাপারে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে শিগগিরই টিভি চ্যানেলগুলোর চুক্তি হওয়ার কথা রয়েছে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আনোয়ার হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক তারিক আনাম খান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান।সম্মেলনে জানানো হয়, ২০১১-১৩ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক তারিক আনাম খান। অন্যরা হলেন সহসভাপতি আহমেদ ইউসুফ সাবের, মনোয়ার হোসেন পাঠান ও মোহন খান, সহসাধারণ সম্পাদক আলী বশির ও মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ, অর্থ তুহিন বড়ুয়া, দপ্তর আরিফুর রহমান, প্রচার ও প্রকাশনা আনজাম মাসুদ, আইনবিষয়ক মাহবুবা শাহরিন, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক রফিকুল্লাহ সেলিম, আর্কাইভ ও পাঠাগার তারেখ মিন্টু, শিক্ষা ও আন্তর্জাতিক শাহরিয়ার শাকিল, তথ্য ও গবেষণা সৈয়দ আওলাদ, সমাজকল্যাণ জিনাত হাকিম। সদস্যরা হলেন বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকি, এনায়েত উল্লাহ পাটোয়ারি, এ আর মন্টু, অরণ্য আনোয়ার, কামাল খান, আনসারুল হালিম, মোজাহার উদ্দিন চৌধুরী, মনির হোসেন ও জহির আহমেদ।