সদস্যদের হাত থেকে ব্যাংক কেড়ে নেওয়ার মতো কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকের বর্তমান ও সাবেক বোর্ড সদস্যরা। এর পাশাপাশি নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সরকার ঋণগ্রহীতা সদস্যদের ক্ষমতা পুনর্বহাল করবে বলে প্রত্যাশা করেছেন তাঁরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন। গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার পক্ষে পরিচালনা পর্ষদের বর্তমান ও সাবেক সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোসাম্মত্ তাহসিনা। এ সময় বর্তমান ও সাবেক ১৩ জন বোর্ড সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত ছিল। ড. মুহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর আইন অনুসারে বোর্ডসভায় সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত তিনবার এই কমিটির পক্ষে ভোট দিয়ে পাস করা হয়েছে। সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান এই সিদ্ধান্ত কার্যে পরিণত হতে দেননি। বোর্ড সদস্যদের ক্ষমতা থেকে বঞ্চিত করে এখন সরকার আইনই পাল্টে ফেলেছে। সরকার তাদের মতো করে সিলেকশন কমিটি বানাতে চায়, তাদের পছন্দের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে চায়। এটা বোর্ড সদস্যদের হাত থেকে গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়ার মতো কাজ হয়েছে।