সদস্যপদ বাড়াবে সিরিয়ার প্রধান বিদ্রোহী জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রধান সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, আজ সোমবার কাতারের রাজধানী দোহায় ওই সংগঠনের সম্মেলনে ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জোটের এক সংগঠনের অন্যতম নেতা।সম্মেলনের অন্যতম সংগঠক আনাস আবদাহ বলেন, জোটে কর্মী ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য ভোটাভুটি হয়েছে। তিনি বলেন, ২২২ জন প্রতিনিধির বেশির ভাগই সংগঠনের সদস্য বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। জোটের সাধারণ পরিষদের সদস্যসংখ্যা ৪২০-এ উন্নীত করা হবে বলেও জানান তিনি।এখন পর্যন্ত এসএনসির সিংহভাগ সদস্য হলেন তাঁরাই, যাঁরা বিদেশের মাটিতে নির্বাসিত। অথচ যেসব ব্যক্তি বা সংগঠন সিরিয়ার ভেতরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সরকার পতনের জন্য কাজ করছে, এসএনসিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।যুক্তরাষ্ট্রসহ বেশ কটি দেশ এসএনসিকে আরও প্রতিনিধিত্বশীল হওয়ার তাগিদ দিয়েছে। সিরিয়ার শক্তিশালী সংগঠনগুলো নিয়ে একটি জোট প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছে দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত সম্ভাব্য জোটে এসএনসির ভূমিকা গৌণ হবে বলেই মনে করা হচ্ছে।