সদস্যপদ রক্ষা করতে সংসদে যাবে বিএনপি
সংসদ সদস্যপদ রক্ষা করতে হলে বিএনপিকে চলতি অধিবেশনে যোগ দিতেই হবে। এ জন্য সিদ্ধান্ত নিতে শিগগিরই সংসদীয় দলের সভা ডাকতে পারেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।দলের একটি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এরপর আগামী সপ্তাহের কোনো একদিন সংসদে যাওয়ার দিন নির্ধারণ করতে পারে বিএনপি। সূত্র জানায়, সংসদে যাওয়ার ব্যাপারে খালেদা জিয়া ইতিবাচক মনোভাবের কথা সাংসদদের জানিয়েছেন। জানা গেছে, গত বুধবার গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন সাংসদও উপস্থিত ছিলেন। এই অধিবেশনে যোগ না দিলে দলীয় সাংসদদের সদস্যপদ বাতিল হবে বলে চিফ হুইপ চেয়ারপারসনকে জানান। বৈঠকে চলতি অধিবেশনে যোগ দিয়ে সরকারের ব্যর্থতা, শেয়ারবাজারে ধস, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নির্বাচনগুলোতে বিএনপির বিজয়ের বিষয়টি তুলে ধরতে সাংসদদের প্রস্তুতি নিতে বলেন খালেদা জিয়া।বিএনপির এক নেতা বলেন, এই অধিবেশনে সংসদে গিয়ে বিএনপির কথা বলার সুযোগ রয়েছে। কেননা, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করে সদস্যরা দলীয় অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন। ওই নেতা বলেন, দলীয় সাংসদদের পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর পর সংসদে ফিরতে হলে একটি অজুহাত তো থাকতে হবে। পারিপার্শ্বিক অবস্থার কারণে এ অধিবেশনে যাওয়া হবে সবচেয়ে কার্যকর অজুহাত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, সদস্যপদ রাখতে হলে বিএনপিকে এই অধিবেশনে যেতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে যাওয়ার মতো কোনো পরিবেশ সরকার রাখেনি। তবে এখনো সংসদ থেকে পদত্যাগ করার সময় হয়নি। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় রেখে এই অধিবেশনে যোগ দিয়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার সুযোগ নেবে। প্রসঙ্গত, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের পর গত বছরের ডিসেম্বরে দলীয় সাংসদদের পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে রাখে বিএনপি। এর আগে গত ১ ডিসেম্বর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া সংসদে ফিরে না যাওয়ার ব্যাপারে তাঁর অবস্থান তুলে ধরেন। কিন্তু সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সাংসদদের সদস্যপদ বাতিল হওয়ার বিধান রয়েছে। এই অধিবেশনের আগ পর্যন্ত বিএনপির অধিকাংশ সদস্য ৪৮ কার্যদিবস অনুপস্থিত আছেন। খালেদা জিয়া অনুপস্থিত রয়েছেন ৫০ দিন। চলতি অধিবেশন চলবে ৪৪ কার্যদিবস। তাই বিএনপির সাংসদদের সদস্যপদ রক্ষা করতে হলে এই অধিবেশনে যেতেই হবে। জয়নাল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, শিগগিরই সংসদীয় দলের সভা হবে। সেখানে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।বিএনপির সাংসদ রেহানা আক্তার জানান, বিএনপি এই অধিবেশনে যোগ দেবে। সেটা কবে তা চেয়ারপারসন ঠিক করবেন। তিনি জানান, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’