সদস্যপদ রক্ষায় এক বছর পর সংসদে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর সংসদের অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। ৭৭ কার্যদিবস পর আজ রোববার বিএনপি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছে। মূলত সংসদ সদস্যপদ রক্ষা করতেই বিরোধী দলের সংসদে যোগদান করতে হয়েছে।আজ বিকেল পাঁচটা ১২ মিনিটে বিএনপির সঙ্গে অপর বিরোধী দল জামায়াতে ইসলামী, বিজেপি ও এলডিপির সাংসদেরা অধিবেশনে কক্ষে প্রবেশ করেন। এর আগে বিকেল সোয়া চারটায় বিরোধী দলগুলো সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সর্বশেষ সংসদের যোগ দিয়েছিল ২০১১ সালের ২৪ মার্চ (অষ্টম অধিবেশন)। এরপর ১৫ মার্চ পর্যন্ত ৭৭ কার্যদিবস অতিবাহিত হয়েছে। সংসদের ২৮৫ কার্যদিবসের মধ্যে গতকাল পর্যন্ত সংসদের বিএনপির উপস্থিতি ৫৫ দিন।অন্যদিকে খালেদা জিয়া সংসদের যোগ দেন ৮৩ কার্যদিবস পর। আজ পর্যন্ত তাঁর উপস্থিতি সাত দিন। তিনি সর্বশেষ সংসদের যোগ দিয়েছিলেন গত বছরের ১৫ মার্চ (অষ্টম সংসদ)।সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে একটানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। এই হিসাবে ৯০ কার্যদিবস শেষ হওয়ার ছয় দিন আগে খালেদা জিয়া সংসদে যোগ দিলেন।সংসদ বর্জনের ক্ষেত্রে বিএনপি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে: সংসদ বর্জনের ক্ষেত্রে বিএনপি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। চলতি সংসদে দলটি ২৩০ কার্যদিবস অনুপস্থিত ছিল। এর আড়ে অষ্টম সংসদে আওয়ামী লীগ ২২৩ দিন অনুপস্থিত ছিল।বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা সংসদের সর্বশেষ সপ্তম অধিবেশনে ২৮ দিন উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা হিসাবে শেখ হাসিনা পঞ্চম সংসদে উপস্থিত ছিলেন ১৩৫ দিন এবং অষ্টম সংসদে ৪৫ দিন। অষ্টম সংসদে আওয়ামী লীগ ৩৭৩ কার্যদিবসের মধ্যে ২২৩ কার্যদিবস অনুপস্থিত ছিল। সপ্তম সংসদে বিরোধী দল বিএনপি মোট কার্যদিবস ৩৮২ দিনের মধ্যে অনুপস্থিত ছিল ২১৯ দিন। পঞ্চম সংসদে আওয়ামী লীগ ৪০০ কার্যদিবসের মধ্যে বর্জন করে ১৩৫ দিন।সংসদীয় দলের সভা অনুষ্ঠিত: বিরোধী দলগুলোর সংসদীয় দলের সভা বিকেলে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে দুজন ছাড়া সব সদস্য উপস্থিত ছিলেন।বৈঠকে পৌনে এক ঘণ্টা আলোচনার পর বিরোধী দল সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৈঠকে অধিবেশনে কারা বক্তব্য দেবেন, কী বক্তব্য দেবেন, তা নির্ধারিত হয়। পরে বিরোধীদলীয় চিফ হুইপ স্পিকারকে তালিকা দেন।কায়কোবাদের ছুটি মঞ্জুর: বিএনপির সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছুটি মঞ্জুর করেছে সংসদ। এর ফলে ৯০ অনুপস্থিতি সত্ত্বেও তাঁর সদস্যপদ রক্ষা পেয়েছে। এই ছুটি আরও ৯০ কার্যদিবস পর্যন্ত অব্যাহত থাকবে।