সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, পরিবেশ সৃষ্টি হলে বিএনপি সংসদে যাবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ দাবি করেন। বিএনপি কবে অধিবেশনে যোগ দেবে, এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, এটা বিএনপির সংসদীয় দলের সভায় চূড়ান্ত হবে। এর আগে দলীয় ফোরামেও এ নিয়ে আলোচনা হবে। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সদস্যপদ রক্ষায় সংসদে যেতে বাধ্য হচ্ছে, এটা ঠিক নয়। আওয়ামী লীগের সাংদেরা সংসদ বর্জন ও সদস্যপদ রক্ষায় ৯০ দিনের বাধ্যবাধকতায় কতবার সংসদে গেছেন, সংসদে না গিয়ে ভাতা-সুবিধাদি নিয়েছেন, তা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, সংসদে যাওয়ার পরিবেশ নেই। সরকারি দলকে গণতান্ত্রিক আচরণ করতে হবে। বিএনপি সংসদে গিয়ে জনগণের কথা বলতে চেয়েছে। সরকারকে সহযোগিতা করতে চেয়েছে।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকারের ইচ্ছা জনগণের ওপর চাপিয়ে দিতে পরিকল্পিতভাবে মুন্সিগঞ্জে সংঘর্ষের সৃষ্টি করা হয়েছে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন। তিনি বলেন, আড়িয়ল বিল এলাকার মানুষের স্বার্থ নষ্ট করে বিমানবন্দর করার দরকার নেই। তিনি দাবি করেন, লুটপাট আর নিজের বাবার নাম দেওয়ার জন্য এ বিমানবন্দর তৈরি করা হবে।আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খোন্দকার দেলোয়ার বলেন, সরকার জনস্বার্থবিরোধী কমকাণ্ড বন্ধ না করলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।যৌথ সভায় পুঁজিবাজারে ধস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পৌর নির্বাচনে ভোট ছিনতাই, নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আগামী বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ পালনের সিদ্ধান্ত হয়।