সনদ ছাড়াই ‘ক্যাপ্টেন!’
বাণিজ্যিক জাহাজের ‘ক্যাপ্টেন’ পদবি ব্যবহার করতে হলে মাস্টার মেরিনার সনদ ও সমুদ্রগামী জাহাজের মাস্টার হিসেবে অভিজ্ঞতা থাকতে হয়। এর কোনোটিই নেই তাঁর। কিন্তু ক্যাপ্টেন পরিচয়ে জাহাজে কনটেইনার বোঝাইয়ের আগের পরিকল্পনা (বে-প্ল্যান) যাচাই-বাছাই করে সইও করছেন তিনি। এ কাজে কোনো ভুল হলে তা জাহাজ ও বন্দরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাঁর নাম তানভীর মোহাম্মদ নাফিউল হোসাইন। সিঙ্গাপুরভিত্তিক ফিডার অপারেটর ওরিয়েন্ট এক্সপ্রেস লাইনের স্থানীয় প্রতিনিধি জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের উপমহাব্যবস্থাপক তিনি। সম্প্রতি নৌ-বাণিজ্য অধিদপ্তর তাঁর সনদের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করলে বিষয়টি ধরা পড়ে।জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, নৌ-খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। এর আগে তিনজন ভুয়া ক্যাপ্টেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান চিঠি দিয়ে তানভীর মোহাম্মদ নাফিউল হোসাইনের কাছে মাস্টার মেরিনার হিসেবে যোগ্যতার সনদ এবং জাহাজের মাস্টার হিসেবে অভিজ্ঞতার সনদ জমা দেওয়ার নির্দেশ দেন। তানভীর এই দুটি সনদ জমা দিতে ব্যর্থ হন। তবে অস্ট্রেলিয়ান মেরিটাইম কলেজ থেকে অ্যাডভান্স ডিপ্লোমা অব অ্যাপ্লাইড সায়েন্সের (শিপমাস্টার) একটি সনদ জমা দেন তিনি।ক্যাপ্টেন হাবিবুর রহমান বলেন, ‘যে সনদ পেয়েছি, তাতে তাঁর ক্যাপ্টেন পদবি ব্যবহারের সুযোগ নেই। বে-প্ল্যানেও সই করার যোগ্যতা নেই তাঁর। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরে জানানো হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে নৌ-বাণিজ্য অধিদপ্তর সমুদ্র পরিবহন অধিদপ্তরকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, জাহাজের বে-প্ল্যান সই করার যোগ্যতারও ঘাটতি আছে তানভীরের।তবে তানভীর মোহাম্মদ নাফিউল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর মাস্টার মেরিনার সনদ আছে। সনদের মেয়াদ ২০০৬ সাল পর্যন্ত ছিল। যেহেতু তিনি জাহাজে চাকরি করছেন না, সেজন্য সেটি আর নবায়ন করেননি। তবে তিনি বলেন, আপত্তির কারণে এখন আর তিনি বে-প্ল্যানে সই করছেন না। মাস্টার মেরিনার সনদ নৌ-বাণিজ্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তানভীর।তবে নৌ-বাণিজ্য অধিদপ্তর নিশ্চিত করেছে, তারা ওই কর্মকর্তার কাছ থেকে এমন কোনো সনদ পায়নি। সতর্কতার কারণ: নৌ-খাতে ছোটখাটো ভুল হলে বড় বিপদের শঙ্কা থাকে। সাত বছর আগে বন্দরের একটি ফিডার জাহাজের ডেকে ভারসাম্যহীনভাবে কনটেইনার বোঝাই করার কারণে জাহাজটি একদিকে হেলে যায়। বন্দর ত্যাগের আগ মুহূর্তে জাহাজের মাস্টার বিপদ আঁচ করতে পারেন এবং কনটেইনার পুনঃসজ্জিত করে জাহাজটিকে রক্ষা করতে সক্ষম হন। রক্ষা পায় বন্দর চ্যানেলও।ওই ঘটনার পর ২০০৬ সালে নৌ-বাণিজ্য অধিদপ্তর একটি সার্কুলার জারি করে। তাতে বলা হয়, জাহাজের প্রধান কর্মকর্তা কনটেইনার বোঝাইয়ের পরিকল্পনা তৈরির পর সেটি যাচাই-বাছাই করে সই করবেন স্থানীয় জাহাজ কোম্পানির ক্যাপ্টেন বা ‘শোর প্ল্যানার’ হিসেবে অভিজ্ঞ কর্মকর্তা। যোগ্যতার সপক্ষে তাঁকে নৌ-বাণিজ্য অধিদপ্তরে সনদ জমা দিতে হবে।নৌ-বাণিজ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, কনটেইনার বোঝাই পরিকল্পনায় যিনি স্থানীয় এজেন্টের হয়ে যাচাই-বাছাই করবেন, তাঁর যোগ্যতার গুরুত্ব অনেক বেশি। কারণ, কনটেইনারের ওজনের হেরফের হয় এখানে। যোগ্যতাসম্পন্ন লোক না হলে বড় ঝুঁকি তৈরি হয়।