সনদ নকলকারীর কারাদণ্ড, চারটি প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের সনদ নকল করে ‘সুপেয় পানি’ উত্পাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ও এক লাখ টাকা জরিমানা করেছেন। আদালত আরও দুটি পানি উত্পাদনকারী প্রতিষ্ঠান ও দুইটি ফিলিং স্টেশনকেও জরিমানা করেছেন।আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুরের ‘নিউ ইফাদ অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি পানি উত্পাদনকারী কারখানায় অভিযান চালান। কারখানার মালিক বিএসটিআই থেকে সনদ না নিয়ে নকল সনদ তৈরি করেছেন। এই অপরাধে আদালত খোরশেদ আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত মোহাম্মদপুরের গ্রামীণ এন্টারপ্রাইজ নামক আরেকটি ‘সুপেয় পানি’ তৈরির কারখানায় অভিযান চালিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সনদ না নিয়ে পানি উত্পাদন ও ডিলার নিয়োগ করেছে। পানির জারে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করছে। এই অপরাধে প্রতিষ্ঠানের পাঁচজনকে তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত এ সময় উপস্থিত পাঁচজন ডিলারের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। মোহাম্মদপুরের বসিলা রোডে ‘ইয়াশ পিউর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটিও বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পানি উত্পাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআইর মানচিহ্নও ব্যবহার করছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আর বিএসটিআই ও র্যাব-২ এর একটি দল আদালতকে সহায়তা করে। এদিকে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে একটি দল রাজধানীর নীলক্ষেত এলাকার কিউ জি সামদানি নামক ফিলিং স্টেশনে অভিযান চালায়। মাপে কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালত একই এলাকার পথের বন্ধু নামের ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার প্রমাণ পান। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।