রাজধানীর আবদুল গণি সড়কে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে লিফটের সামনে টাঙানো হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তাতে লেখা, ‘মন্ত্রণালয়ের প্রবেশপথের আশপাশে দালাল শ্রেণীর লোকজন মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়ার আশ্বাস দিয়ে নিরীহ মুক্তিযোদ্ধাদের প্রতারিত করার চেষ্টা করছে।’ এ ধরনের বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের বিভিন্ন স্থানে সাঁটানো আছে। এতে কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করার কথাও উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি যেমন আছে, তেমনি মন্ত্রণালয়ের আশপাশে ভুয়া সনদ কেনাবেচাও চলে আড়ালে-আবডালে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানির সই করা সনদ সহজলভ্য।এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান বলেন, টাকা দিয়ে এ ধরনের সনদ নিয়ে কেউ সাময়িক সুফল পেলেও এটা তাঁর জন্য পরবর্তী সময়ে গলার কাঁটা হয়ে দাঁড়ায়। কারণ, কোনো না কোনো পর্যায়ে সনদ পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হলে মামলা ও শাস্তি হবেই।সনদ ছাড়াই সুবিধা নেওয়ার চেষ্টা: সনদ না থাকলেও মুক্তিযোদ্ধা পরিচয়ে সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে। মুক্তিযোদ্ধা সংসদে আর্থিক অসচ্ছল দাবি করে ১২ জন মুক্তিযোদ্ধাকে অর্থ-সহায়তা দেওয়ার সুপারিশ করেছেন ধানমন্ডি এলাকার সাংসদ ফজলে নূর। মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, তাঁদের কারও নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই। আবার সূত্রাপুর এলাকার সাংসদ মিজানুর রহমান ৩২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে অর্থ-সহায়তা দেওয়ার আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১১ জনের নাম কোনো তালিকায় নেই।জানা যায়, এই দুই সাংসদ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে সাংসদেরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে সুপারিশ করছেন। বেশির ভাগ ক্ষেত্রে সাংসদেরা ওই মুক্তিযোদ্ধাদের চেনেন না। সাংসদদের ব্যক্তিগত কর্মকর্তারা তালিকা করে সাংসদের সই নিয়ে তা পাঠিয়ে দিচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদে। এমনকি সাময়িক সনদের অনুলিপি বা সনদের ক্রমিক নম্বর পর্যন্ত আবেদনে উল্লেখ করা হচ্ছে না।এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘সাংসদেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তাঁদের কাছ থেকে যাঁরা সই নেন, দায়িত্বটা তাঁদেরই বেশি।’ সামান্য ত্রুটি, দুর্ভোগ অনেক: ৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কক্ষে অবস্থানকালে একজন মুক্তিযোদ্ধা এলেন। বললেন, ‘স্যার, আমার ছেলের বিরুদ্ধে মামলা হলো কেন? আমি ভুয়া মুক্তিযোদ্ধা কে বলেছে? আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করেছি।’ জবাবে সচিব জানালেন, পুলিশ বিভাগ থেকে যে সনদ মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের জন্য এসেছে, সেটির নম্বর ও তাঁর সনদের নম্বর আলাদা। ওই মুক্তিযোদ্ধাকে সচিব বোঝাচ্ছিলেন এবং তিনি উত্তেজিত হয়ে বলছিলেন, ‘আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, আমাকে কেন এটা বলা হলো?’ সচিব বলছিলেন, ‘বাবা, আপনাকে ভুয়া বলা হয়নি। যে সনদটি এসেছে সেটি মন্ত্রণালয়ের মূল সনদের সঙ্গে মেলে না। এটা ঠিক করে দেওয়া হচ্ছে।’জানা যায়, ওই মুক্তিযোদ্ধার ছেলে পুলিশ বাহিনীতে চাকরি নিয়েছেন। কিন্তু সত্যায়িত যে সনদ জমা দেওয়া হয়েছে তাতে সমস্যা রয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে তাঁর ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সচিব ফাইল দেখে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিলেন। ভুয়া সনদে চাকরি, আসলটি মন্ত্রণালয়ে: বরিশালের একজন মুক্তিযোদ্ধা তাঁর সাময়িক সনদের জন্য একজন দালালকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। বয়োবৃদ্ধ ওই মুক্তিযোদ্ধা একজনকে নিয়ে ঢাকায় আসা, থাকাসহ অন্যান্য খরচের কথা চিন্তা করে দালালকে ওই টাকা দেন। দালাল ঢাকায় না এসে একটি জাল সনদ তৈরি করে এবং জাল নম্বর ও সই দিয়ে তা ফটোকপি করে ওই মুক্তিযোদ্ধাকে দেয়। ওই সনদের ভিত্তিতে মুক্তিযোদ্ধার ছেলের চাকরি হয়। কিন্তু সনদটি যাচাই করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এলে দেখা যায়, এমন কোনো সনদ মন্ত্রণালয় সরবরাহ করেনি। এরপর মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে মামলা হয়, মুক্তিযোদ্ধা ছুটে আসেন ঢাকায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কক্ষে ঢুকে রাগত স্বরে ওই মুক্তিযোদ্ধা বলতে থাকেন, কে বলেছে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা। এরপর সচিব তাঁর কাছে জানতে পারেন, দালালকে সনদ তুলতে টাকা দেওয়ার কথা। পরবর্তী সময়ে দেখা গেল, ওই মুক্তিযোদ্ধার প্রকৃত সনদ মন্ত্রণালয়ে জমা আছে, তাঁর ছেলের চাকরি হয়েছে ভুয়া সনদের ভিত্তিতে। প্রকৃত সনদ দেওয়া হয় ওই মুক্তিযোদ্ধাকে।সংশোধনীর জন্য আড়াই বছর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বারান্দায় ৭ ডিসেম্বর এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মরহুম মুক্তিযোদ্ধা আলী আহমেদের স্ত্রী খালেদা খানমের সঙ্গে। তিনি জানান, ২০০৯ সালের ১৫ জুন সাময়িক সনদ পাওয়ার জন্য তিনি আবেদন করেন। একটি ছোট্ট ভুলের জন্য তাঁকে নারায়ণগঞ্জ থেকে এসে আড়াই বছর ধরে ঘুরতে হচ্ছে, আর কত দিন ঘুরতে হবে তা তিনি জানেন না।মরহুমের কন্যা তানজিদা আহমেদ জানান, তাঁর বাবার নাম গেজেটে আছে আলী আহমেদ নামে। কিন্তু এলাকায় বাবুল নামে পরিচিত হওয়ায় আলী আহমেদ বাবুল নামে সাময়িক সনদ পাওয়ার আবেদন করেন। সনদ দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২০০৯ সালের ৪ অক্টোবর। তখন জানানো হয়, ডাকনাম যুক্ত করায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে তথ্য যাচাই ও নাম সংশোধনের জন্য পাঠানো হবে। তানজিদা জানান, ‘সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে থাকি, কিন্তু মন্ত্রণালয় থেকে চিঠি আর যায় না। মাস ছয়েক পর আবার মন্ত্রণালয়ে এসে চিঠি নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিই। আলী আহমেদ ও বাবুল যে একই ব্যক্তি, সেই মর্মে জেলা কমান্ডার ও ওয়ার্ড কমিশনার চিঠি দেন। এ বছরের ১৭ ফেব্রুয়ারি সমাজসেবা কার্যালয় থেকে চিঠি এনে মন্ত্রণালয়ে জমা দিই। তখন মাস তিনেক পর আসতে বলা হয়। আমরা প্রায় পাঁচ মাস পর আজ সনদ নিতে এসেছি। কিন্তু কবে পাব, তা জানতে পারছি না।’ মুক্তিযোদ্ধা আলী আহমেদের অসুস্থ স্ত্রী খালেদা খানম কথা বলতে পারছিলেন না, কাঁদছিলেন। তাঁর বক্তব্য, ‘নয় মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছিল, একজন যোদ্ধার সনদ পেতে আড়াই বছর কেটে গেল।’সনদ পেতে তিন বছরের যুদ্ধ: নয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মুক্তিযোদ্ধা শেখ আবদুস সামাদ (৫৭)। তিনি ২০০৯ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সনদের জন্য আবেদন করেন। এরপর তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা কি না এবং তাঁর পিতার নাম সঠিক কী হবে তা জানতে চেয়ে দেবহাটা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠান মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব। নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদকে মুক্তিযোদ্ধা অখ্যায়িত করে তাঁর নাম এবং পিতার নাম সঠিক করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠান। জাতীয় তালিকায় তাঁর নাম ভুলক্রমে শেখ আ. ছামাদ এবং পিতার নাম মৃত তরফান উদ্দিনের স্থলে তরফাদ উদ্দিন লেখা হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সনদ গ্রহণের জন্য গত ২০০৯ সালের ৩ আগস্ট তাঁকে চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি গেজেটভুক্ত হননি, পাননি সনদ। মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান জানান, ‘মুক্তিযোদ্ধারা যখন এখানে আসেন তাঁদের দাবি ও ক্ষোভের মাত্রা থাকে বেশি। বয়স, বঞ্চনা, আর্থিক অসচ্ছলতা প্রভৃতি কারণে অনেকে সাধারণ যুক্তি মানতে চান না। ধৈর্যের সঙ্গে তাঁদের মোকাবিলা করতে হয়, নিয়মের মধ্যে তাঁদের সেবা দিতে হয়।’