দেশজুড়ে কমপক্ষে ৮৪টি অবৈধ শাখা খুলে সনদ-বাণিজ্য করছে চার ভাগে বিভক্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে ‘বিপজ্জনক ও সনদ বিক্রির কারখানা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের নেতৃত্বে এই তদন্ত হবে। ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুমোদন দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এ বিষয়ে পরিপত্র জারির অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সম্পর্কে করণীয় ঠিক করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শাখা ক্যাম্পাস ও দূরশিক্ষণ পদ্ধতির কার্যক্রম ২০০৭ সাল থেকে বন্ধ রয়েছে। নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা বৈধ নয়। কিন্তু দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দেশজুড়ে অবৈধ শাখা (আউটার ক্যাম্পাস) খুলে শিক্ষাবাণিজ্য করার অভিযোগ উঠেছে।মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়টি চার ভাগে বিভক্ত হয়ে অসংখ্য শাখা বিস্তার করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ৮৪টি শাখা ক্যাম্পাস থাকার তথ্য পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। রাজধানী, বিভাগ, জেলা ছাড়িয়ে এখন উপজেলা শহরেও ওই বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। এসব শাখায় ভর্তি হয়ে কেউ কেউ প্রতারিত হচ্ছে, কেউ বা টাকার বিনিময়ে সনদ সংগ্রহ করছে।ইউজিসির সূত্রমতে, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টি সরকারের সাময়িক অনুমোদন পায় ১৯৯৩ সালে। তখন এ বিশ্ববিদ্যালয়ের ‘দারুল ইহসান ট্রাস্ট’ নামের একটি ট্রাস্টি বোর্ড ছিল। ট্রাস্টের সেক্রেটারি ছিলেন সৈয়দ আলী নকী ও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন ছয়জন।২০০৬ সালে মনিরুল হক (মরহুম) দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই সৈয়দ আলী নকী (মরহুম) ট্রাস্টি বোর্ড থেকে বহিষ্কৃত হন। এ কারণে তিনি (নকী) জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন করে একই ‘দারুল ইহসান ট্রাস্ট’ নামে একটি ট্রাস্টি বোর্ড রেজিস্ট্রি করেন। এই বোর্ডের সদস্য ১১।২০০৬ সালের শেষ দিকে মনিরুল হককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর আলী নকী এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন। আদালত তাঁর অনুকূলে স্থিতাবস্থার আদেশ দেন। ওই আদেশের ভিত্তিতে তিনি নিজেকে উপাচার্য দাবি করে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসের কাছে পৃথক ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করেন। তখন বিশ্ববিদ্যালয়টি পৃথক দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। পরে সৈয়দ আলী নকীর মৃত্যুর পর তাঁর পক্ষের গ্রুপটি ভেঙে নতুন করে তিনটি গ্রুপের উদ্ভব হয় এবং প্রতিটি গ্রুপ নিজেদের বিশ্ববিদ্যালয়ের বৈধ কর্তৃপক্ষ বলে দাবি করছে।ইউজিসির সূত্রমতে, একটি গ্রুপের নেতৃত্বে আছেন এ এ বজলে রাব্বি। তিনি সাভারের গণকবাড়ীতে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। আবুল হোসেনের নেতৃত্বে আরেকটি গ্রুপ উত্তরায় এবং মো. আকবরউদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটি গ্রুপ ঢাকার বিভিন্ন স্থানে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আর ধানমন্ডিতে মূল ক্যাম্পাসে মরহুম মনিরুল ইসলামের গ্রুপ আগে থেকেই আছে। এসব গ্রুপ আবার একে অপরের বিরুদ্ধে মামলায় জড়িয়ে পড়ছে। অভিযোগ পাওয়া গেছে, এসব গ্রুপের পেছনে ছাত্রলীগের সাবেক নেতাসহ বেশ কয়েকজন সরকারদলীয় লোক যুক্ত হয়েছেন। তাঁরা নিজ নিজ গ্রুপের পক্ষে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে আউটার ক্যাম্পাস খুলে সনদ-বাণিজ্যের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু আদালতে একাধিক মামলা থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে করণীয় ঠিক করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঠিক করা, শিক্ষার মান যাচাইসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করে দেখা হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা রয়েছে, তাই তদন্তের বিষয়ে পরিপত্র জারির আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।মন্ত্রণালয়ের সূত্রমতে, কয়েক দিন আগে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান এবং এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তদন্তের জন্য বিচারপতি কাজী এবাদুল হকের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়টি অনুমোদন করেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে পরিপত্র জারির প্রক্রিয়া শুরু হয়। তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মনোভাব জানার জন্য ধানমন্ডি ক্যাম্পাসের কোষাধ্যক্ষ এম এ রশীদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জোরালোভাবে চাই, বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে তদন্ত হোক। ভুয়া শাখাগুলো বন্ধ করার জন্য আমরা তদন্তের দাবি জানিয়ে আসছি।’