যাঁকে নিয়ে আয়োজন, তিনি রইলেন নেপথ্যে। তাঁর ছাত্রছাত্রী অসংখ্য গুণমুগ্ধ, স্বজন, সুহূদ, শুভাকাঙ্ক্ষীও অনেক। ফুল নিয়ে তাঁরা এসেছিলেন জীবন চলার পথে ৮০ বছর পূর্ণ করা সন্জীদা খাতুনকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাতে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সন্জীদা খাতুন এসেছিলেন ছায়ানট মিলনায়তনে। হাসিমুখে তিনি কুশল বিনিময় করেছেন সবার সঙ্গে। ব্যস, এ পর্যন্তই। আনুষ্ঠানিক কোনো কথাবার্তা বলেননি আর। জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছায়ানটের পক্ষ থেকে, সেখানেও তিনি ছিলেন দর্শকের সারিতে। গোলাম মোস্তাফার রেকর্ড করা আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছিল আনুষ্ঠানিকতা। এরপর দেখানো হয় পথিক তুমি নামে আগরতলার পান্থজন নির্মিত একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। সেই প্রামাণ্যচিত্রে উঠে এল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে শুরু করে ব্রিটিশ শাসনের অবসান, দেশ বিভাগ, রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে তরুণী সন্জীদা খাতুন ও নানা মানুষের উদ্যোগ, ছায়ানটের যাত্রারম্ভ, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকে মুক্তিযুদ্ধ। গানের ভেতর দিয়ে স্বাজাত্যবোধ ও ঐতিহ্যকে জনমানুষের হূদয়ে জাগিয়ে তোলার সংকল্প নিয়ে ছায়ানটের বহুমাত্রিক কার্যক্রম। উঠে এল রবীন্দ্রসংগীতশিল্পী, শিক্ষক ও সংগঠক হিসেবে সন্জীদা খাতুনের দীর্ঘ পথপরিক্রমার কিছু স্মরণীয় মুহূর্ত।প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর সন্জীদা খাতুনের কর্মময় জীবন নিয়ে প্রবন্ধ পড়লেন মফিদুল হক। জাতীয় অধ্যাপক গণিতজ্ঞ কাজী মোতাহার হোসেন ও সাজেদা খাতুনের কন্যা সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তিনি ‘নজরুল স্বর্ণপদক’ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি নেন। পরে বিশ্বভারতী থেকে প্রথম শ্রেণীতে এমএ এবং পিএচইডি ও পিএইচডি-উত্তর গবেষণা করেন। এরপর ১৯৫৭ সাল থেকে তিনি ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষাদানে ব্রতী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯৪ সালে অধ্যাপক হিসেবে অবসর নেন। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত সংগীতচর্চা, সাহিত্য নিয়ে গবেষণা ও লেখালেখির সঙ্গে ছায়ানট সংগীত শিক্ষায়তন প্রতিষ্ঠা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃত্বদান, নালন্দা বিদ্যালয় প্রতিষ্ঠা, ব্রতচারী আন্দোলনের নবযাত্রার উদ্যোগ গ্রহণ—এমন অনেক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন তিনি। প্রবন্ধে মফিদুল হক বলেছেন, ‘বহুগুণে গুণান্বিতা সন্জীদা খাতুনের জীবনের প্রতিটি ক্ষেত্র স্বকীয়তায় উজ্জ্বল। তার পরও গানই তাঁর জীবনের প্রধান অবলম্বন কিন্তু গানকে তিনি জীবিকা করেননি। সংগীতের মধ্য দিয়ে বাঙালিত্বের চেতনা সঞ্জীবিত ও সঞ্চারিত করার সাধনা করে চলেছেন। এখানেই তিনি অনন্য।’সন্জীদা খাতুন তাঁর কর্মময় জীবনে দেশ-বিদেশে অনেক পদক ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় একুশে পদক, বিজয় দিবস পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার, এশিয়াটিক সোসাইটির সম্মানজনক ফেলোশিপ, বেগম জেবুন্নেছা ও কাজী মাহাবুবউল্লাহ ট্রাস্টের স্বর্ণপদক, অনন্যা পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্রস্মৃতি পুরস্কার, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি, বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি প্রভৃতি। আলোচনার পর ছিল রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের সমবেত কণ্ঠে গান। রেকর্ড থেকে শোনানো হয় মালতী ঘোষালের গান ‘এ পরবাসে রবে কে হায়’ এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের ‘বাজে করুণ সুরে’। ফাহমিদা খাতুন গাইলেন ‘পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই’। আরও গান ও আবৃত্তি শোনালেন মাহিউজ্জামান চৌধুরী, পার্থ তানভীর নভেদ, লাইসা আহমেদ, নাসিমা শাহীন, ইলোরা আহমেদ, জহিরুল হক খান, মাহমুদা খাতুন ও তানিয়া মান্নান। অনুষ্ঠানে পরিবেশিত সব গান ও আবৃত্তি ছিল সন্জীদা খাতুনের নিজের পছন্দ করা।