সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সক ও সেবিকা সঙ্গে নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন লাকি বিশ্বাস। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই সন্তানের জন্ম দেন তিনি। ২৫ মিনিট পর চিকিত্সকের অনুমতি নিয়েই শেষ করেন বাকি পরীক্ষা। আজ সোমবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া এস কে কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। রামদিয়া এস কে কলেজের অধ্যক্ষ বলাই চাঁদ দে জানান, চিকিত্সক ও সেবিকা সঙ্গে নিয়ে লাকি বিশ্বাস আজ পৌরনীতি পরীক্ষা দিতে গিয়েছিলেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, পরীক্ষা শুরু হওয়ার পর ১০টা সাত মিনিটে লাকি সন্তানের জন্ম দেন। ২৫ মিনিট পর চিকিত্সক তাঁকে আবার পরীক্ষায় বসার অনুমতি দেন। সদ্য মা হওয়া লাকি এরপর পরীক্ষা দেন। লাকি বিশ্বাস রাজপাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি কাশিয়ানীর দিস্তাইল গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও শিশু সুস্থ আছে।