সন্তান জন্মে অস্ত্রোপচার নয়
পরিকল্পিত ও তাত্ক্ষণিক ব্যথামুক্তভাবে সন্তান প্রসবের জন্য অনেকেই অস্ত্রোপচারের (সিজার) সিদ্ধান্ত নেন। উন্নত ও অনুন্নত দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ঘটনা ঘটছে অহরহ। পাশাপাশি এর অপব্যবহারও হচ্ছে। নানা ছুতোয় হাসপাতালগুলোও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে সিজার করে থাকে। কিন্তু এবার হাসপাতালে অস্ত্রোপচার করার পুরো ব্যবস্থাটাই বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্যয় কমাতেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।আজ রোববার ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, বিশ্বের নামীদামি তারকারা যুক্তরাজ্যের যেসব হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, সেই হাসপাতালগুলোতেই আগে অস্ত্রোপচার বন্ধ করা হবে। ওই হাসপাতালে অ্যাঞ্জেলিনা জোলি, ব্রিটনি স্পিয়ার্স, এলিজাবেথ হারলির মতো তারকারা অস্ত্রোপচার করিয়েছিলেন।যুক্তরাজ্যে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হলে স্বাভাবিকের চেয়ে প্রায় ৮০০ পাউন্ড বেশি খরচ হয়। ডেইলি মেইল বলেছে, দেশটিতে যদি ১ শতাংশও সিজার কমানো যায়, তাহলে বছরে ৫৬ লাখ পাউন্ড বেঁচে যাবে। তবে প্রসবের সময় যদি গর্ভাশয়ের সংকীর্ণ অংশে গর্ভপরিস্রাব ঘটে এবং যদি কখনো কোনো নারীর জমজ সন্তানের প্রসব ঘটাতে হয়, ঠিক তখনই কেবল সিজার করার অনুমতি পাওয়া যেতে পারে। এ ছাড়া আর অস্ত্রোপচারের অনুমতি মিলবে না দেশটিতে।ন্যাশনাল হেলথ সার্ভিসের চেয়ারম্যান মাইকেল ডিক্সন বলেছেন, ‘অস্ত্রোপচারের হার বাড়তে থাকায় ক্যানসার ও হূদরোগ খাতের অর্থও এই খাতে ব্যয় করতে হচ্ছে। সব রোগের চিকিত্সায় সুষম ব্যয় নিশ্চিত করতে চাই আমরা।’বার্থ ট্রমা অ্যাসোসিয়েশনের সদস্য মওরিন ট্রেডওয়েল বলেছেন, কিছু নারী আছেন, যাঁরা প্রসবের আগে স্বাভাবিক জন্ম ও অস্ত্রোপচারের মধ্যে পার্থক্য করেন। শেষমেশ অস্ত্রোপচারকেই প্রাধান্য দিয়ে থাকেন তাঁরা। এটা ঠিক নয়।জানা গেছে, ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাজ্যে প্রায় ২৫ শতাংশ নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন।