সন্তানকে ফেরত পাননি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশুসন্তানকে ফিরে পেতে মা সীমা খাতুন আদালতে মামলা করেছিলেন। এক মাস আগে আদালত শিশুটিকে বাবার কাছ থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো মা তাঁর সন্তান ফিরে পাননি। সীমা খাতুন রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকার বাসিন্দা। একই এলাকায় বাস করেন তাঁর স্বামী হাবিবুর রহমান।সীমার পরিবার সূত্রে জানা যায়, শিরোইল কলোনি এলাকার বাবলু হোসেনের কন্যা সীমা খাতুনের সঙ্গে ২০০৬ সালের ২২ ডিসেম্বর শিরোইল স্টেশনপাড়ার আনারুল হকের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবুর যৌতুকের দাবিতে সীমার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই মধ্যে তাঁদের সংসারে একটি ছেলেসন্তান জন্ম নেয়। তার বয়স এখন পাঁচ বছর। এদিকে যৌতুকের দাবিতে সীমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন হাবিবুর। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। মীমাংসার পর হাবিবুর তাঁর স্ত্রীকে নিয়ে যাবেন বলে ছেলে অনিককে নিজের বাড়িতে নিয়ে যান। পরে স্ত্রী সীমাকে আর নিয়ে যাননি; বরং গত ১৯ এপ্রিল তালাক নোটিশ পাঠান। এরপর সীমা তাঁর স্বামীর বিরুদ্ধে সন্তান ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আইনি-সহায়তা সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহায়তায় পরিচালিত মামলাটি পর্যালোচনা করে আদালত গত ৯ সেপ্টেম্বর শিশু অনিককে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ পাওয়ার পরও পুলিশ শিশু অনিককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারেনি।সীমার ভাষ্য, তিনি জানতে পেরেছেন তাঁর সন্তান গুরুতর অসুস্থ। তাকে চিকিত্সা না করালে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাবে। তিনি অভিযোগ করেন, তাঁর সন্তানের অবস্থান পুলিশকে বলে দেওয়ার পরও পুলিশ আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে শিশু অনিককে উদ্ধার করছে না। তিনি সন্তানকে উদ্ধারে সহযোগিতার জন্য মানবাধিকার সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন।এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ‘কলোনি এলাকা হওয়ার কারণে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একাধিকবার শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়েছে। পুলিশ গেলেই শিশুটিকে লুকিয়ে ফেলা হয়। তবে চেষ্টা এখনো চলছে।