সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সড়কে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন রুনা বেগম (৩০) নামের এক গৃহবধূ। এতে গুরুতর আহত হয়েছে তাঁর দুই সন্তান। আজ মঙ্গলবার সকালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে যান চলাচল বন্ধ করে দিলেও প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, আজ সকাল সোয়া নয়টার দিকে রুনা বেগম তাঁর সন্তানকে স্কুলে নেওয়ার সময় রাস্তার মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কা থেকে ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হয় তাঁর দুই সন্তান আদনান (৭) ও আফসান (৫)। তাঁদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অটোরিকশার চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে সকাল নয়টা থেকে প্রায় তিন ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। তাঁরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার পুড়িয়ে সড়কে যান চলাচল বন্ধ করে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াত ইসলাম এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। দুই ঘণ্টার আলোচনা শেষে তাঁরা বিক্ষোভকারীদের শান্ত করেন। দুপুর ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।রেনু বেগমের গ্রামের বাড়ি উপজেলা সদরের উচালিয়াপাড়ায়। তাঁর স্বামীর নাম গেদু মিয়া। তিনি মধ্যপ্রাচ্য প্রবাসী।