সন্তানের অধিকার ও নিরাপত্তা চান লোকমানের প্রথম স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের প্রাপ্য অধিকার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের প্রথম স্ত্রী তাজমহল বেগম ওরফে তাজরিন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।তবে লোকমানের ভাই ও নরসিংদীর বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান দাবি করেছেন, বিয়ের এক বছর পরই লোকমান ও তাজমহলের ছাড়াছাড়ি হয়। শাহ্হাম হোসেন লোকমানের নয়, তাজমহলের আগের ঘরের সন্তান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় তাজমহল কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘১ নভেম্বর লোকমান হত্যাকাণ্ডের এক বছর হবে। কিন্তু আমাকে ও আমার সন্তান শাহ্হামকে লোকমানের কবরের কাছে যেতে দেওয়া হচ্ছে না। পবিত্র ঈদুল ফিতরের আগে স্বামীর পরিবারের পক্ষ থেকে মুঠেফোনে হুমকি দিয়ে বলা হয়, “আপনি ও শাহ্হাম কোনো দিন নরসিংদীতে আসতে পারবেন না। শাহ্হামকে সম্পত্তির কোনো অংশও দেওয়া হবে না”।’তাজমহল বেগম বলেন, কিছুদিন ধরে অপরিচিত কিছু লোক ঢাকার দক্ষিণখানের আশকোনায় তাঁর বাসার সামনে ঘোরাফেরা করছে। তারা শাহ্হামকে নানা প্রশ্ন করছে। এতে তিনি ও তাঁর ছেলে আতঙ্কগ্রস্ত। এ ব্যাপারে তিনি দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এত কিছুর পরও তিনি স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে তাঁর কবর জিয়ারত করতে যাবেন। তাঁর আশঙ্কা, মেয়রের পরিবারের লোকজন তাঁর ছেলেকে হত্যা, মাদকদ্রব্য বা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিতে পারে। কে হুমকি দিচ্ছে—এ প্রশ্নে তিনি বলেন, লোকমানের ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান তাঁকে নরসিংদী না যেতে হুমকি-ধমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন।লিখিত বক্তব্যে তাজমহল আরও বলেন, লোকমান খুন হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা নানা অজুহাতে তাঁকে গণমাধ্যমের সামনে আসতে দেননি। তাঁরা বলেছেন, এ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে, এমনকি খুনিরা তাঁর ছেলেকে খুনও করতে পারে। তখন তিনি বুঝতে পারেননি, এসব বাহানা। লোকমানের পরিবারের ধারণা ছিল, মূলত তাঁর (তাজমহল) পরিচয় জানাজানি হলে কামরুজ্জামান নির্বাচনে জিততে পারবেন না। তিনি বলেন, সম্পর্কে মামাতো ভাই লোকমান হোসেনের সঙ্গে ১৯৯৫ সালে তাঁর বিয়ে হয়। পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় লোকমান তাঁকে আশকোনায় বাসা ভাড়া করে দেন। তিনি মাঝেমধ্যে আসতেন। লোকমানের মৃত্যুর আগ পর্যন্ত শাহ্হাম ক্যামব্রিয়ান স্কুলে পড়ত। কিন্তু তাঁর মৃত্যুর পর পরিবার শাহ্হামের পড়াশোনার খরচ দেয়নি। তাই তাকে সাধারণ স্কুলে ভর্তি করা হয়েছে।সংবাদ সম্মেলনে শাহ্হাম হোসেন ও তাজমহলের বড় ভাই আবদুল মান্নান উপস্থিত ছিলেন।তাজমহলের এসব অভিযোগের বিষয়ে সন্ধ্যায় জানতে চাইলে নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের পরিবারের অজান্তে ওই বিয়ে হয়েছিল। এক বছরের মাথায় তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। শাহ্হাম লোকমানের সন্তান নয়। তাজমহলের আগে একটি বিয়ে হয়েছিল, শাহ্হাম ওই ঘরের সন্তান। তাঁর পরিবার বা তিনি কাউকে হুমকি-ধমকি দেননি।