সন্তানের খোঁজে বাবাও না-ফেরার দেশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করেছেন, আর ক্ষণে ক্ষণে খুঁজেছেন তাঁর শিশুসন্তানকে। স্বজন আর সাংবাদিকদের কাছে জানিয়েছেন ছেলেকে খুঁজে দেওয়ার আকুতি। অবশেষে সন্তানের না-ফেরার দেশেই চলে গেলেন তিনি। যাঁর কথা বলা হচ্ছে, তিনি মো. সুমন (৩০)। ১৭ নভেম্বর হাজারীবাগের বৌবাজার বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ আগুনে দগ্ধ হন তিনি। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান। আর ঘটনার দিন আগুনে পুড়ে মারা যায় তাঁর শিশুসন্তান মো. আবদুল্লাহ (৪)। কিন্তু কিছু ঘটে যাওয়ার আশঙ্কায় সন্তানের মৃত্যুর খবরটি সুমনকে জানাননি স্বজনেরা। তবে স্বামী-সন্তান হারিয়ে পাগলপ্রায় সুমনের স্ত্রী শিউলি আক্তার। কাঁদতে কাঁদতে শিউলি প্রথম আলো ডটকমকে বলেন, ‘লোকডা ছেলেডারে দেকবার লাইগা অনেক ছটফট করছিল। ভয়ে আমরা কেউ জানায় নাই। এখন ছেলের খোঁজে সে চইলা গেছে, ভাই।’ হাজারীবাগ থানার পুলিশ জানায়, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই ১১টি লাশের দাফন বাবদ প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। সুমনের মৃত্যুর পর তাঁর পরিবারকেও ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বৌবাজার বস্তিতে আগুনে ওই দিনই মারা যায় ১১ নারী ও শিশু। সুমনের মৃত্যুতে এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২।