সন্তানের মুখ দেখা হলো না জাহিদুল ও দেলোয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বাবা হবেন, এ নিয়ে জাহিদুল ইসলামের মধ্যে ছিল চাপা আনন্দ। অথচ সন্তান জন্মের আগেই চিরতরে চলে যেতে হলো তাঁকে। তাঁর সঙ্গে মারা যাওয়া দেলোয়ার হোসেন দেখতে পেলেন না দ্বিতীয় সন্তানের মুখ।গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আবাসন কোম্পানি বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের নির্মাণাধীন বহুতল ভবন ‘আইরিশ নুরজাহান’-এ নির্মাণসামগ্রী বহনের লিফট ছিঁড়ে নিহত চারজন টাইলসশ্রমিকের দুজন জাহিদুল (২৫) ও দেলোয়ার (২৮)। অপর দুজন হলেন: আবদুর রহমান (১৮) ও রুবেল (২৩)।জানা গেছে, এই চার শ্রমিকের মৃত্যুতে তাঁদের দরিদ্র পরিবারে শোকের পাশাপাশি নেমে এসেছে অন্ধকার। কারণ পরিবারগুলো চলত তাঁদের উপার্জনে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ নিতে আসা স্বজনদের কেউ মূর্ছা যাচ্ছিলেন, কেউ বা কাঁদতে কাঁদতেই সান্ত্বনা দিচ্ছিলেন কান্নারত অন্যজনকে। দেলোয়ার, রুবেল ও রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরের চরপোড়ামুখী গ্রামে। পাশাপাশি তাঁদের সবার বাড়ি। জাহিদুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খোরদোআইলচরে।ওই ভবনের প্রধান শ্রমিক জাহিদুলের ভায়রা আজগর আলী জানান, চার ভাইবোনের মধ্যে জাহিদুল ছিলেন দ্বিতীয়। মা-বাবা ও স্ত্রীসহ সাত সদস্যের পরিবারের ভার ছিল তাঁর ওপর।জাহিদুলের বোন ঝুমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে জানান, জাহিদুলের স্ত্রী শাপলা বেগম চার মাসের অন্তঃসত্ত্বা।শাপলা বেগম ফোনের অপর প্রান্তে কেবল কাঁদছেন। কোনো কথা বলতে পারেননি।নিহত দেলোয়ারের সিয়াম নামে দেড় বছরের এক ছেলে আছে। তাঁর স্ত্রী সুফিয়া খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। দেলোয়ারের ভাই জাকির হোসেন জানান, একমাত্র অবলম্বন হারিয়ে তাঁদের পরিবার অসহায় হয়ে পড়েছে। কাজের জন্য দেলোয়ার সোমবার ঢাকায় যান। বৃহস্পতিবার বিকেলে ফোন করে কাজ পাওয়ার কথা জানান। আর সন্ধ্যায় আসে মৃত্যুর খবর।নিহত রুবেল ছিলেন পরিবারের বড় সন্তান। মা-বাবা, পাঁচ বোন ও দুই ভাইয়ের সংসার চলত তাঁর আয়ে। রুবেলের চাচাতো ভাই সোহাগ জানান, রুবেলের বোনেরা স্কুলে পড়ে। এখন তাদের লেখাপড়াও বন্ধ হয়ে যেতে পারে।রহমান ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। বড় ভাই শাহ আলম মানসিক প্রতিবন্ধী। ফলে সংসারের ভার ছিল রহমানের ওপর।রমনা থানার পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে চার শ্রমিকের লাশ গতকাল তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।থানায় মামলা: রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লিফট ছিঁড়ে পড়ে চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শ্রমিক আজগর আলী বাদী হয়ে গতকাল সকালে থানায় মামলা করেন। দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় (অবহেলাজনিত কারণে মৃত্যু) পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন: বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক, মহাব্যবস্থাপক মো. আসলাম উদ্দিন, সাইট ম্যানেজার তানভিরুল হাসান, প্রজেক্ট কন্ট্রোলার গাজিবুর রহমান এবং ভবনের টাইলসের ঠিকাদার আবদুল হান্নান। তাঁদের মধ্যে হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।ক্ষতিপূরণ দাবি: লিফট ছিঁড়ে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ (বানিশল)। গতকাল এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।আগেও একবার ছিঁড়েছিল লিফটটি? প্রধান শ্রমিক আজগর আলী অভিযোগ করেন, পাঁচ-ছয় মাস আগেও একবার ওই লিফটের তার ছিঁড়েছিল। তবে তখন কেউ হতাহত হয়নি। লিফট মেরামতের জন্য বেশ কয়েকবার বলা হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।এ ব্যাপারে জানতে চাইলে বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আসলাম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লিফটের তার আগে কখনো ছিঁড়েনি। দুর্বল হয়েছিল। এ কারণে মাস খানেক আগে তার পরিবর্তন করা হয়।