সুন্দর ভবিষ্যতের আশায় যে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন, সেই সন্তানের লাশ নিয়েই বাড়ি ফিরতে হলো মা-বাবাকে। অধরা রয়ে গেল স্বপ্ন। স্বজনদের কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ ছিলেন অধিক শোকে পাথর।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সাতজনের লাশ গতকাল রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো লাউঞ্জ। এর আগে গতকাল সকাল আটটা ৫০ মিনিটে লাশবাহী বিমানটি এসে পৌঁছায়।যাঁদের মরদেহ হস্তান্তর: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বোরহান উদ্দিন, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি গ্রামের সিরাজুল ইসলাম মজুমদার, ধর্মপুর গ্রামের মো. হাশেম, উত্তর পাইন্দং গ্রামের মো. আরিফ, দক্ষিণ পাইন্দং গ্রামের মো. আলাউদ্দিন এবং রাউজানের উত্তর শর্তা গ্রামের দুই ভাই খোরশেদুল আলম ও মাসুদ রানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।গত সোমবার আবুধাবির আল আইন শহরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে ২০ জনই বাংলাদেশি। এই ২০ জনের মধ্যে আটজন চট্টগ্রামের বাসিন্দা। তবে গতকাল সাতজনের লাশ আনা হয়। অন্য একজনের লাশ আনা হবে কাল মঙ্গলবার।প্রায় ছয় বছর আগে আবুধাবি যান বড় ভাই খোরশেদুল আলম (২৪)। মাত্র দুই মাস আগে যান ছোট ভাই মাসুদ রানা (২২)। সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মামা আজিজুল হক বলেন, ‘২৯ ডিসেম্বর আমি ভাইগনারে বিমানে তুলে দিছি। আমার বোইনের দুইটাই ছেলে। এখন একটাও নাই। আমার বোন তো বাঁচবে না।’আবুধাবির আল আইনপ্রবাসী ইদ্রিস মিয়া ফিরেছেন দুই সন্তান খোরশেদুল আর মাসুদের লাশের সঙ্গেই। ছেলেদের বিষয়ে জানতে চাইলে কঠিন স্বরে বলেন, ‘আমার দুই ছেলে। দুইটাই মারা গেছে। এখন আমি কী বলব? আগে লাশ নিই।’ আরিফের মা নুর নাহার বিলাপ করতে করতে বলেন, ‘বলছিল ঘরের কাজ শুরু করতে ৫০ হাজার টাকা পাঠাবে। মাদ্রাসার ছেলেদের ভাত খাওয়াতেও টাকা পাঠাবে। কিছুই হলো না।’ সিরাজুল ইসলাম মজুমদারের ছেলে সাইফুদ্দিন বাবার কাছে একটা নতুন সাইকেলের আবদার করেছিল। কয়েক দিন আগে ফোনে সেই আবদার জানাতে সিরাজুল বলেছিলেন, ‘হাজার মাইল দূরে আছি শুধু তোমাদের সব স্বপ্ন পূরণের জন্যই। লেখাপড়া করে বড় হও। সব হবে।’ ছয় বছর আগে বিদেশে পাড়ি জমানো বোরহান উদ্দিনেরও দেশে ফেরার কথা ছিল কয়েক মাসের মধ্যেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বোরহান ফিরলেন ঠিকই, তবে কফিনে শুয়ে।চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতজনের লাশ হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কল্যাণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘নিহতের পরিবার উত্তরাধিকার সনদ জমা দিলে সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে। আবুধাবি সরকার প্রতি নিহতের পরিবারকে ৪০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে পারে—এ বিষয়ে আলোচনা চলছে।’