সন্তু লারমা ও দেবাশীষ রায়ের গাড়িবহরে তিন দফা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার পার্বত্য চট্টগ্রামবিষয়ক বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়ের গাড়িবহরে তিন দফা হামলা হয়েছে। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার ওপরও এক দফা হামলা হয়। গতকাল বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকে যোগ দিতে তাঁরা খাগড়াছড়ি যাওয়ার পথে এসব হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ প্রহরায় তাঁরা একই পথে রাঙামাটি ফেরেন। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর জাফর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সন্তু লারমা খাগড়াছড়ি পৌঁছে হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন। এ ছাড়া প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন তিনি। ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে সন্তু লারমা ও রাজা দেবাশীষ রায় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ সাতটি গাড়ি নিয়ে রাঙামাটি থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। সকাল পৌনে ১০টার দিকে তাঁদের গাড়িবহর রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় পৌঁছানোর পর প্রথম হামলা হয়।সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানান, দূর থেকে একদল লোক গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে একটি ইট গাড়িতে এসে আঘাত করে। পরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় আরও এক দফা ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে ওই সব ইটপাটকেল গাড়িতে লাগেনি। আধ ঘণ্টা পর গাড়িবহর ওই উপজেলার মাইসছড়ি এলাকায় পৌঁছালে তৃতীয় দফা হামলা হয়। এ সময় সন্তু লারমাকে বহনকারী গাড়ির জানালার কাচ ভেঙে যায়। সন্তু লারমা হাতে সামান্য আঘাত পান। বরুণ চাকমা ও আঞ্চলিক পরিষদের কর্মচারী জিনপাল চাকমাও আহত হন। সন্তু লারমার গাড়ির পেছনে থাকা চাকমা রাজা দেবাশীষ রায়ের গাড়িতেও ইটপাটকেল ছোড়া হয়। তবে তিনি আঘাত পাননি বলে প্রথম আলোকে জানান। বরুণ চাকমা জানান, ঘটনার সময় সন্তু লারমার দেহরক্ষী কয়েকটি গুলি ছোড়েন। এরপর খাগড়াছড়ি থেকে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের খাগড়াছড়ি সার্কিট হাউসে নিয়ে যায়। সেখানে সন্তু লারমা সাংবাদিকদের কাছে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন। সরকারি কাজে খাগড়াছড়ি সফরে এলেও তাঁর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়নি বলে তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন। বারবার বলার পরও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একপর্যায়ে তিনি বলেন, ‘ইউপিডিএফের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে আমাকেই ব্যবস্থা নিতে হবে।’এর আগে সকাল নয়টার দিকে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা একই উদ্দেশে খাগড়াছড়ি যাওয়ার পথে হামলার মুখে পড়েন। নিখিল কুমার চাকমা প্রথম আলোকে বলেন, নানিয়ারচরের ১৮ মাইল এলাকায় পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই একদল লোক তাঁর গাড়িতে ইটপাটকেল ছুড়তে শুরু করে। তাঁর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িটি সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। সন্তু লারমার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। রাঙামাটির বিভিন্ন স্থানে তাঁরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার সন্তু লারমার ওপর হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান। ইউপিডিএফের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জনসংহতি সমিতি কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে তিনি হুঁশিয়ার করেন।ইউপিডিএফের রাঙামাটি জেলার আহ্বায়ক শান্তিদেব চাকমা ও খাগড়াছড়ি জেলার প্রচার বিভাগের প্রধান মিরণ চাকমা হামলার সঙ্গে তাঁদের সংগঠনের সদস্যদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। জনসংহতির দলীয় কোন্দল ও জনরোষের জের ধরে এ ঘটনা ঘটে বলে তাঁরা দাবি করেন। হামলার প্রতিবাদ ও নিন্দা: সন্তু লারমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে—সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, গণতন্ত্রী পার্টি এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এর অঙ্গসংগঠনগুলো।ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল খাগড়াছড়ি সার্কিট হাউসে ভূমি কমিশনের ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ২০০১ সালের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন না করা পর্যন্ত ভূমি কমিশন তার প্রকৃত কাজগুলো করতে পারবে না। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে ভূমি কমিশন আইন সংশোধন করা হবে এবং এই সংশোধনের কাজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’ তিনি আরও বলেন, আইনটির সংশোধন যত দ্রুত হয় ততই মঙ্গল। আইনটি সংশোধন করা হলে ভূমি কমিশন তার মূল কাজে হাত দিতে পারবে। ভূমি কমিশনের সদস্য রাজা দেবাশীষ রায় বলেন, ভূমি কমিশন আইন সংশোধনে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এ সংশোধনী খুবই জরুরি। শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের সভা: বিকেল তিনটার দিকে একই স্থানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের সভা হয়। এতে সভাপতিত্ব করেন টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।