সন্তু লারমা যাননি, বিদ্যমান সমস্যার সমাধান চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই হয়ে গেল তিন পার্বত্য জেলার ভূমি-সমস্যাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা। গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত সভায় আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে পার্বত্য জেলায় আরেকটি ‘পূর্ণাঙ্গ’ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভার কার্যবিবরণীতে ভূমিবিরোধের কারণে পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করে বলা হয়, ভূমিবিরোধের ফলে দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা সভায় উপস্থিত না হলেও তাঁর পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশে একটি চিঠি দেওয়া হয়। সভায় পঠিত ওই চিঠিতে সন্তু লারমা উল্লেখ করেছেন, পার্বত্য চুক্তি অনুযায়ী আগে ভূমি-সমস্যার সমাধান করতে হবে। পাহাড়িদের বেহাত হওয়া জমি ফিরিয়ে আনাসহ ভূমি-সমস্যার সমাধান করার পরই কেবল জরিপের কাজ শুরু করা উচিত বলে তিনি মত দেন।বিদ্যমান ভূমি-সমস্যার সমাধান না হওয়াতেই এদিনের সভায় আসেননি বলে চিঠিতে ইঙ্গিত দেন সাবেক এই গেরিলা নেতা।সভায় পার্বত্য এলাকার ভূমি-সমস্যার প্রকৃতি প্রসঙ্গে বলা হয়, কৃষি ও অকৃষি উভয় শ্রেণীর জমি বিভাজনের ফলে খণ্ডিত হচ্ছে। এ ছাড়া মৌজা, খতিয়ান নম্বর ও দাগ নম্বর না থাকায় জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে।সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেন, জরিপকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া উচিত। এ জন্য জরিপ-প্রক্রিয়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন বলে মত দেন তিনি। মন্ত্রী এপ্রিল মাসে অনুষ্ঠেয় বৈঠকে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।সভায় পার্বত্য জেলাগুলোতে পূর্ণাঙ্গ জরিপ ও রেকর্ড তৈরির জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় স্থাপন, জরিপের পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা, জরিপের বাধা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের ভূমিকা নির্ধারণ ইত্যাদি বিষয় আলোচিত হয়। কমিশন কর্তৃক এর আগে নেওয়া কার্যক্রমও পর্যালোচনা করা হয় এ সময়।সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম এবং জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।