সন্তু লারমা সম্পর্কে খালেদার বক্তব্যে জনসংহতির প্রতিবাদ
সন্তু লারমা সম্পর্কে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ মার্চ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা রাঙামাটি থেকে এক বিবৃতিতে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর কাছ থেকে পবিত্র সংসদে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও এই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী সন্তু লারমা সম্পর্কে এমন দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য আশা করা যায় না।বিবৃতিতে আরও বলা হয়, দেশে-বিদেশে প্রবলভাবে প্রশংসিত ও সমাদৃত এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও এই চুক্তির স্বাক্ষরকারী সন্তু লারমা তথা পার্বত্য অঞ্চলের অধিবাসীদের বিরুদ্ধে তাঁর এই বক্তব্য বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক।খালেদার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত দেশবাসীকে বিভ্রান্ত করা ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনে করে।বিবৃতিতে আরও বলা হয়, সন্তু লারমা যদি সন্ত্রাসী হন, তাহলে এই চুক্তি স্বাক্ষরের আগে নব্বইয়ের দশকে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে সংলাপের মাধ্যমে সমাধান এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে তাঁর নেতৃত্বাধীন তত্কালীন সরকার কেন ১৩ বার বৈঠক করেছিল? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং তাঁর বক্তব্যের এই অংশ প্রত্যাহার করার আহ্বান জানায়।জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার এমন বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। তাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বেগম খালেদা জিয়ার বক্তব্য থেকে ওই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে জোর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বাসস।