সন্তু লারমার ওপর হামলাঃ ইউপিডিএফ নিষিদ্ধের দাবি করেছে জনসংহতি সমিতি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায় এবং রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে। রাঙামাটি শহরে আজ শনিবার সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি মহল নানা অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। ওই দিনের হামলা চালানোর জন্য একটি বিশেষ মহল ইউপিডিএফকে ১০ হাজার টাকা ও অস্ত্র সরবরাহ করে বলেও তাঁরা অভিযোগ করেন।স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে একই স্থানে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি লক্ষ্মী প্রসাদ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বোধিসত্ত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভায় যোগ দিতে সন্তু লারমা, দেবাশীষ রায় ও নিখিল কুমার চাকমা রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তিন দফা হামলার শিকার হন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে।