সন্তু লারমার গাড়িবহরে আবারও হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার গাড়িবহরে আবারও হামলা হয়েছে। গতকাল সোমবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। জনসংহতি সমিতি এ হামলার জন্য পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় যোগদান শেষে ফেরার পথে গতকাল সন্তু লারমার গাড়িবহর হামলার শিকার হয়। এর আগে গত ২৭ জানুয়ারি পার্বত্য ভূমি কমিশনের সভায় যোগ দিতে যাওয়ার পথে একই স্থানে সন্তু লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায়ের গাড়িবহর হামলার শিকার হয়। সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানান, গতকাল সকালে তাঁরা খাগড়াছড়ি থেকে ফিরছিলেন। বেতছড়ির খামারপাড়া এলাকায় সকাল ১০টার দিকে ‘মার মার’ ধ্বনি দিয়ে কয়েক ব্যক্তি পূর্ব দিকের পাহাড়ের ওপর থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। এ সময় কয়েকটি গুলিও ছোড়া হয়। একটি গুলিতে তাঁদের একটি মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এ ছাড়া পাথরের আঘাতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের একটি জিপের কাচ ভাঙে। সন্তু লারমার গাড়িবহর হামলা শিকার হওয়ার কথা নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান। তবে তিনি বলেন, গুলি ছোড়ার ঘটনা ঘটেনি। সন্তু লারমার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে জনসংহতি সমিতি। সংগঠনটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপিডিএফের সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।হামলার ঘটনায় ইউপিডিএফের কেউ জড়িত নয় বলে দাবি করেন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলার আহ্বায়ক মাইকেল চাকমা। তিনি বলেন, ‘এটা জনরোষ থেকে হতে পারে। এর দায়দায়িত্ব ইউপিডিএফ নিতে পারে না। কোনো ঘটনা ঘটলে ইউপিডিএফকে দায়ী করা জনসংহতি সমিতির রেওয়াজে পরিণত হয়েছে।’