সন্তু লারমার গাড়ির বহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আজ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি সন্তু লারমার গাড়ির বহরে তিনটি পৃথক হামলা চালানো হয়। হামলায় সন্তু লারমার গাড়ির কাচ ভেঙে যায়। তিনি ছাড়াও আহত হয়েছেন সাবেক উপদেষ্টা রাজা দেবাশীষ রায় ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জানা গেছে, খাগড়াছড়িতে পার্বত্য ভূমি কমিশনের সভায় যোগদানের জন্য সন্তু লারমা ও দেবাশীষ রায়কে বহনকারী গাড়ির বহর আজ সকালে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে তাঁদের গাড়ির বহর নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় পৌঁছালে একদল লোক গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা এ হামলার জন্য পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফকে দায়ী করে বলেন, প্রশাসন তাঁর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খাগড়াছড়ি সার্কিট হাউসে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘যেহেতু সরকার ইউপিডিএফের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, সেহেতু আমাকেই ব্যবস্থা নিতে হবে।’ভূমি কমিশন এবং পার্বত্য চট্টগ্রামের শরণার্থী-বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে অংশ নিতে সন্তু লারমা খাগড়াছড়ি যাচ্ছিলেন। চার বছর পর তিনি খাগড়াছড়ি এলেন।রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি, লেমছড়ি ও মাইকছড়ি এলাকায় তাঁর গাড়ির বহরে হামলা হয়। গাড়ির বহরে ছয়টি গাড়ি ছিল। তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক উপদেষ্টা চাকমা রাজা দেবাশীষ রায়ের গাড়িও এর মধ্যে ছিল। হামলায় গাড়ির কাচ ভেঙে সন্তু লারমার হাত কেটে যায়। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী জিনি পাল চাকমা ও সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমাও সামান্য আহত হন। গাড়িতে ইট-পাথরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।বরুণ চাকমা বলেন, হামলাকারীদের প্রতিহত করতে সন্তু লারমার দেহরক্ষী কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে তিনটি এলাকায়ই দূর থেকে হামলা করায় আক্রমণকারীদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে সন্তু লারমা, রাজা দেবাশীষ রায় ও অন্যরা খাগড়াছড়ি পৌঁছান। তাঁরা ভূমি কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন।সন্তু লারমা ওপর আক্রমণের খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরেও বিক্ষোভ মিছিল শুরু করে জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে রাঙামাটি চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় সড়ক অবরোধ করে পার্বত্য শান্তিচুক্তির পক্ষের লোকজন।