সন্তুষ্টি সাপেক্ষে এই সাময়িক নিবন্ধন দেওয়া হয়: ইসি
২০০৮ সালে জামায়াত নিবন্ধনের জন্য যে গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছিল, যাচাই-বাছাই করে তাতে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক দেখা গেছে। দলটি বলেছিল, কাউন্সিলের পর তা সংশোধন করে নির্বাচন কমিশনে দাখিল করা হবে। সন্তুষ্টি সাপেক্ষে তখন এই সাময়িক নিবন্ধন দেওয়া হয়।’আজ বৃহস্পতিবার হাইকোর্টে জামায়াতের নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আইনজীবী মহসীন রশিদ এ বক্তব্য তুলে ধরেন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আজ চতুর্থ দিনের মতো হাইকোর্টে চূড়ান্ত শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে মহসীন এসব কথা বলেন। আজ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়। পরবর্তী শুনানি হবে ২ মে।আজকের শুনানিতে অংশ নিয়ে মহসীন রশিদ বলেন, ‘জামায়াত রাজনৈতিক দল নয়, এটি প্রমাণ করবে রিট আবেদনকারীপক্ষ। ২০০৮ সালে দলটি নিবন্ধনের জন্য গঠনতন্ত্র জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। যাচাই-বাছাই করে তাতে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক দেখা গেছে। এই সাংঘর্ষিক অংশ দলটির প্রতিনিধি হাতে কেটে দেন। তখন দলটি বলেছিল, কাউন্সিল হবে। কাউন্সিলের পর তা সংশোধন করে নির্বাচন কমিশনে দাখিল করা হবে।’ তিনি বলেন, ‘এমন বক্তব্য বিবেচনায় নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি ধারা অনুসারে দলটিকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। সন্তুষ্টি সাপেক্ষে এই নিবন্ধন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১২ সালে জামায়াত আরেকটি গঠনতন্ত্র জমা দেয়।’মহসীন রশিদের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে আদালতের বিচারকাজ শেষ হয়। আজ আদালতে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম এবং জামায়াতের পক্ষে ছিলেন আবদুর রাজ্জাক ও বেলায়েত হোসেন।এর আগে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর।২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রিটে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে।রুলে রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। নির্বাচন কমিশনসহ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে রুলের জবাব দিতে বলা হয়।