সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান
ইসলামের নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে মদদ জোগাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ইসলামে এর কোনো স্থান নেই।আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন। শেখ হাসিনা ইসলামের মর্মবাণীকে জনগণের সামনে তুলে ধরে বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশু পাচার, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এসব কারণে এ দেশের সামাজিক পরিবেশ আজ হুমকির সম্মুখীন।—বাসস