সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামে এর কোনো স্থান নেই। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।ইসলামের নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে মদদ জোগাতে না পারে, সে ব্যাপারে সবাইকে, বিশেষ করে ওলামা মাশায়েখদের সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।ইসলামের মর্মবাণী জনগণের সামনে তুলে ধরে বাল্যবিবাহ, যৌতুক, নিরক্ষরতা, নারী ও শিশু পাচার, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের আদর্শ হিসেবে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। যেকোনো মূল্যে এই ঐতিহ্য ধরে রাখার ওপর জোর দেন তিনি।প্রধানমন্ত্রী শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘শিশুরা জাতির ভবিষ্যৎ। তারা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘শিশুদের মাঝে যখন আসি, তখন আমার ছোট ভাই রাসেলের কথা মনে পড়ে। খুনিরা সেদিন ১০ বছরের শিশু রাসেলকেও রেহাই দেয়নি।’ইসলাম প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক ভূমিকা পালনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের নানামুখী কর্মকাণ্ডের মধ্যে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অন্যতম। শিশু-কিশোরেরা যাতে ইসলামের শাশ্বত শিক্ষায় আলোকিত হয়ে সুন্দর জীবন গঠন করতে পারে, সে জন্যই এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।শেখ হাসিনা বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল হোসেন।অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।