সন্ত্রাস করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একাত্তর সালে যারা মা-বোনের ইজ্জত লুটেছে, নিরপরাধ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, দেশের স্বাধীনতা চায়নি, সেসব যুদ্ধাপরাধীর বিচার হবেই হবে। জ্বালাও-পোড়াও আর সন্ত্রাস সৃষ্টি করে কেউ বিচার বন্ধ করতে পারবে না। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার।’আজ শনিবার রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে রাঙামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। শান্তিচুক্তি স্বাক্ষরের পরপরই আমরা চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ করে দেয়। চুক্তির আগে পার্বত্য চট্টগ্রাম অবরুদ্ধ ছিল, উন্নয়ন ছিল না। তা থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষকে মুক্ত করেছি।’ পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আর্থসামাজিক উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষার প্রচারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য বজায় রেখে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১০০ শয্যার রাঙামাটি জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তি না থাকলে কোনো এলাকায় উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রাম সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। পর্যটন ও উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে সমৃদ্ধশালী স্থান হিসেবে গড়ে তুলতে হবে। বান্দরবানের কেওকারাডং এবং রাঙামাটির সাজেক পরিদর্শনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসব এলাকায় যেতে একসময় এক সপ্তাহ হাঁটতে হতো। আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে এখন খুব সহজে সেখানে যাওয়া যায়।শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করায় পার্বত্য এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের মানুষকে সেবা করার সুযোগ দিতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে দুই হাত তুলে ওয়াদা করার আহ্বান জানান। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারে সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিমান ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বান্দরবান থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীরবাহাদুর উশৈচিং, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।এর আগে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে বান্দরবানের কেওকারাডং এবং রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলেন। পরে রাঙামাটি সার্কিট হাউসে ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভাস্কর্য, বরকল থানা ভবন, পর্যটন মোটেল উদ্বোধন এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, আসামবস্তী ব্রাহ্মণটিলা সংযোগ সেতু, কাচালং নদীর ওপর মাইনিমুখ গাঁথাছাড়া সংযোগ সেতু এবং পুরাতন বস্তি ও ঝুলুক্যা পাহাড়র সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।