সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল সোমবার তাঁরা ঢাকায় এ প্রত্যয় ব্যক্ত করেন।দুপুরে রাজধানীর হোটেল রূপসী বাংলায় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের দুই নেত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক অটিজম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রায় আধা ঘণ্টার এই সাক্ষাৎ কালে তাঁরা এ অঙ্গীকার করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন সোনিয়া গান্ধী।প্রেসসচিব বলেন, দুই নেত্রী তাঁদের আলোচনায় উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তাঁরা মনে করেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে একক কোনো দেশের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সম্মিলিত প্রয়াস অপরিহার্য। তিনি জানান, শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশ ও ভারতের বর্তমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের আলোচনায় আঞ্চলিক সহযোগিতা, উন্নয়নসহ বিভিন্ন বিষয় অত্যন্ত গুরুত্ব পায়।বৈঠককালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবদুল করিম এবং ভারতের গৃহায়ণ, দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতিমন্ত্রী কুমারী সাইলেজা ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী একান্তে কিছু সময় কথা বলেন।বাংলাদেশ নিয়ে মুগ্ধতা: সকালে আন্তর্জাতিক অটিজম সম্মেলনে বক্তৃতায় সোনিয়া গান্ধী বাংলাদেশ নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন। স্বাস্থ্য ও সামাজিক বিভিন্ন প্রসঙ্গে তিনি বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।সোনিয়া গান্ধী বলেন, বিভিন্ন সামাজিক সূচকে তাঁর দেশ বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে। কম ওজনের শিশুর অনুপাত, রোগ প্রতিরোধ, স্কুলগামীর সংখ্যা, শিশু ও মাতৃমৃত্যুর হার এবং আয়ুর মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।ক্ষুদ্রঋণ, নারীর ক্ষমতায়ন, জনস্বাস্থ্য ও পয়োনিষ্কাশনের ক্ষেত্রে অভাবনীয় উদ্যোগের জন্য বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে উল্লেখ করে সোনিয়া বলেন, ‘আমরাও আপনাদের এসব অর্জনের প্রশংসা করি। বাংলাদেশ এসব সামাজিক উদ্যোগের গুরুত্বপূর্ণ উৎ স।’ তিনি বলেন, অভিন্ন ইতিহাস ছাড়াও প্রকৃতিগতভাবে দুই দেশের রয়েছে একই ভৌগোলিক অবস্থান। উভয় দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং ইলিশ মাছ ও মিষ্টি দইয়ের কথা উল্লেখ করেন।কংগ্রেস সভানেত্রীর মতে, ভারত যেখানে গণতন্ত্রকে সুসংহত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করেছে, সেখানে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে।রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ : ইন্দিরা গান্ধীর পক্ষে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা পুরস্কার নেওয়ার আগে সোনিয়া গান্ধী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব সাংবাদিকদের জানান, প্রায় ২৫ মিনিটের বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কংগ্রেস সভানেত্রীর সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে তাঁর কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন: সোনিয়া গান্ধী সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ব্যস্ততম দিন শুরু করেন। সকাল সাড়ে আটটায় স্মৃতিসৌধে পৌঁছালে ভারতে ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসনকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।পরে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সোনিয়া। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল চারা রোপণ করেন।সোনিয়া গান্ধী সকাল সোয়া নয়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখেন।যুবলীগের সাক্ষাৎ : বিকেলে হোটেলকক্ষে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী যুবলীগের একটি প্রতিনিধিদল। তারা সোনিয়াকে ‘জনগণের ক্ষমতায়ন’ নামে শান্তির দর্শনের একটি পুস্তিকা হস্তান্তর করেন। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।নৈশভোজ: রাতে হোটেল রূপসী বাংলায় সোনিয়া গান্ধীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। নৈশভোজে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।ঢাকা ত্যাগ: রাত নয়টা ২০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়েন সোনিয়া। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম।হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত অটিজম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গত রোববার রাতে ঢাকায় এসেছিলেন সোনিয়া গান্ধী।