শান্তি সম্মেলনের উদ্বোধন
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নিজের জীবনের প্রতি যেকোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত আছি।’রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার দুই দিনব্যাপী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সন্ত্রাস বা জঙ্গিবাদ আমি সহ্য করব না, এমনকি বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য দেশেও তা করতে দেওয়া হবে না।’ খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মৌলবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ‘মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বের জন্য এক মারাত্মক হুমকি। অনেক সময় দারিদ্র্য ও বঞ্চনা থেকে এসব সন্ত্রাসবাদের উন্মেষ ঘটে। এ জন্য আমাদের একদিকে দারিদ্র্য ও বঞ্চনা যেমন দূর করতে হবে, তেমনি সন্ত্রাসবাদকে কঠোর হস্তে নির্মূল করতে হবে। এখানে আপসের কোনো সুযোগ নেই।’দারিদ্র্যকে শান্তি ও মানবতার বড় শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য ও শান্তির সহাবস্থান সম্ভব নয়। শান্তির জন্য প্রয়োজন মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ, মানুষকে দারিদ্র্যের বেড়াজাল থেকে মুক্ত করা। পাশাপাশি মৌলিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা।’ প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নিম্ন আয়ের প্রতিবেশী দেশগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়াতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধ দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজ বিশ্বের অনেক দেশ ‘মারণাস্ত্র’ এবং ‘মানববিধ্বংসী অস্ত্র’ উৎপাদনের জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে। যেখানে উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে, সেখানে সত্যিই এটি একটি নিষ্ঠুর পরিহাস। এই ধ্বংসাত্মক অস্ত্রের পেছনে ব্যয় সামান্য কমালে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব। তিনি এ ব্যাপারে বিশ্বের শান্তিকামী মানুষের আরও সোচ্চার হতে বলেন।‘আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তাদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হচ্ছে। ‘এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ১৯৭৩ সালে জোটনিরপেক্ষ আন্দোলনে (ন্যাম) যোগ দেয় এবং ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৯৭ সালে তাঁর বিগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেসি) মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী প্রশংসিত এই চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপর সেখানে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের পর পাশের দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া ৬২ সহস্রাধিক লোককে দেশে ফিরিয়ে আনা এবং তাদের পুনর্বাসিত করা হয়।বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি সাংসদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ব শান্তি পরিষদের সভাপতি মারিয়া সোকোরো গোমেজ, নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, পাকিস্তানের শান্তি ও সংহতি পরিষদের সভাপতি নিসার আলী শাহ, অল ইন্ডিয়া শান্তি ও সংহতি সংস্থার সাধারণ সম্পাদক কে যাদব রেড্ডি, ফিলিস্তিনের ড. আকেল তাজ, ভুটানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লিওনপো দাগো শেরিং, ভারতের সীতারাম ইয়েচুরি, অস্ট্রেলিয়ার সু গিলবি, ভিয়েতনামের দাক লুই ও শ্রীলঙ্কার ছায়াসিংঘে আর্চচিগ উইলফ্রেড বক্তৃতা করেন।