দিল্লিতে হাসিনা-মনমোহন বৈঠক
সন্ত্রাস দমন ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
সন্ত্রাসবাদ দমন ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ভারত। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকে দুই দেশ এ সিদ্ধান্ত নেয়। সন্ত্রাসবাদকে এ অঞ্চলের অগ্রগতির পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে দুই দেশই দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবাদ ও অপরাধমূলক তত্পরতা বন্ধে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।বৈঠক সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য-বৈষম্য বিলোপ, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের নেতারা বিস্তারিত আলোচনা করেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সন্ত্রাসবাদ দমনে তিনটি চুক্তি, বিদ্যুত্ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশের রেল ও যোগাযোগ-ব্যবস্থার আধুনিকায়নে ও নদী পুনঃখননে ভারত রাষ্ট্রীয় ঋণের আওতায় আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি উল্লেখ করে। প্রাথমিকভাবে ৫০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও এর পরিমাণ বাড়বে বলে আভাস দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশের আরও ৪৭টি পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশের ঘোষণা দেওয়া হয়। তিস্তার পানিবণ্টনের বিষয়ে দুই দেশ একমত হলেও শেষ পর্যন্ত চুক্তিটি কবে সই হবে, এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, টিপাইমুখ প্রসঙ্গ আলোচনায় এলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বাংলাদেশের ক্ষতি হয়—এমন কোনো প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না। এ ছাড়া সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলে ভারত জাতিসংঘে সালিস নিষ্পত্তির পরিবর্তে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেয়।জানা গেছে, বৈঠকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ট্রানজিটের বিষয়ে দেওয়া প্রস্তাবে বাংলাদেশের সম্মতি চাওয়া হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া আশুগঞ্জকে স্থায়ীভাবে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। এ লক্ষ্যে আশুগঞ্জকে একটি মডেল বন্দরে পরিণত করতে ভারত আর্থিক সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।