সরকার পতনের আন্দোলন শুরু হলেও যুদ্ধাপরাধীর বিচার চলবে
সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সারা দেশে কমিটি হচ্ছে
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সরকার পতনের এক দফার আন্দোলনে গেলেও যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিরোধী দলের আন্দোলন বা সহিংসতা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল। সরকারের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।এদিকে সরকারের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সহিংস ঘটনায় জড়িত জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।একাধিক মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর সহিংসতা গ্রামগঞ্জে ও উপজেলা শহরে সীমাবদ্ধ ছিল। তারা গাছ কেটে রাস্তা অবরোধ করেছে। এলাকাভিত্তিক রাজনৈতিক প্রতিরোধ ছাড়া এ অবস্থা মোকাবিলা করা সম্ভব নয়। আওয়ামী লীগের নেতারা মনে করেন, সরকারি দলে থাকায় তাঁদের উভয় সংকটে পড়তে হচ্ছে। নৈরাজ্য ও অরাজকতার আশঙ্কায় তাঁরা জামায়াতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাচ্ছেন না। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে প্রতিরোধ করা ছাড়া উপায়ও নেই।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলন করবে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এসব দেখে ও শুনে আমরা অভ্যস্ত। মূল কথা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া থেকে আমরা পিছপা হব না।’আওয়ামী লীগের দুজন শীর্ষস্থানীয় নেতার মতে, মাঠপর্যায়ে রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি আলোচনার দরজাও বন্ধ থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা অবশ্যই হতে হবে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো আলোচনায় যাবে না। গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই। বিরোধী দল সম্মত হলে আওয়ামী লীগ আলোচনায় বসতে প্রস্তুত।আওয়ামী লীগের নেতারা মনে করেন, বিরোধী দলের প্রভাবিত এলাকাগুলোতেই সহিংসতা হয়েছে। এ কারণে এলাকাভিত্তিক দলীয় কর্মকাণ্ড না থাকলে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে না।এ জন্য দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, নানা শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলাভিত্তিক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মন্ত্রিপরিষদ সচিবকে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিভাগীয় কমিশনারের মাধ্যমে গতকালই সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।সন্ত্রাস প্রতিরোধ কমিটি কেমন হবে: জানা যায়, সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে মাঠ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, ওলামা-মাশায়েখ এবং পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কমিটির মাধ্যমে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এই কমিটি হবে। আর মহানগর এলাকায় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবে স্থানীয় সরকার বিভাগ।জেলা কমিটির সভায় আলোচনা করে পৌরসভা ও ওয়ার্ড কমিটি এবং উপজেলা কমিটির সভায় আলোচনা করে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা ও উপজেলা কমিটির উপদেষ্টা থাকবেন। সাংসদেরা নিজ এলাকায় অবস্থান করলে তাঁরা বিশেষ আমন্ত্রণে মহানগর, জেলা ও উপজেলা কমিটির সভায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতা রোধে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মিত পর্যালোচনা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।চিরুনি অভিযান: গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির জরুরি বৈঠকে কয়েক দিনের হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।জানা গেছে, কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, যেসব জেলায় তাণ্ডব হয়েছে, সেখানে চিরুনি অভিযান চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে এ ধরনের ঘটনা আর হতে না পারে। এ ছাড়া সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় যারা টাকা-পয়সা দিয়ে সহায়তা করেছে, তাদের খুঁজে বের করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।