সন্ত্রাস হলে ভোট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, যেকোনো মূল্যে নারায়ণগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন। কোনো কেন্দ্রে সন্ত্রাস হলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে।গতকাল রোববার চাষাঢ়া শহীদ জিয়া হলে প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।শামসুল হুদা বলেন, ‘আমাদের ওপর কারও কোনো চাপ নেই। আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে চাই। এ নির্বাচনে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ সব মিলিয়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে। এর আগে কোনো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত সদস্য মোতায়েন করা হয়নি।’ ভোটার ও প্রার্থীদের অনুরোধেই নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।সিইসি জানান, কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। জিয়া হলে মূল নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম প্রমুখ।সভায় মেয়র পদপ্রার্থীদের মধ্যে শামীম ওসমান, সেলিনা হায়াৎ আইভী, তৈমুর আলম খন্দকার, আতিকুল ইসলাম, আতিকুর রহমান ও ২৭টি ওয়ার্ডের কাউন্সিলার এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।এর আগে প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সরকারি কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ দলীয় ক্যাডারের মতো আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিন একজন কমিশনারকে চান আইভী: মতবিনিময় সভায় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমার আস্থা রয়েছে। কিন্তু শামীম ওসমানের বড় ভাই সাংসদ নাসিম ওসমান ঘোষণা দিয়েছেন, ৩০ অক্টোবর সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করা হবে এবং সেটি যাবে শামীম ওসমানের পক্ষে। এতে করে শঙ্কা দেখা দিয়েছে।’ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে বসিয়ে না রেখে ভোটের দিন তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের যেকোনো একজনকে নারায়ণগঞ্জে থাকার অনুরোধ জানান তিনি।আইভী সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় কারচুপির আশঙ্কা করে বলেন, এর আগেও সেখানে ভোট ছিনতাই হয়েছে। বন্দর থানার ওসি তাঁর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমের বিরুদ্ধে আবার অভিযোগ: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেন, ‘সিইসির কাছে আমার দুটি অনুরোধ। এক. আমার পায়ে অনেক স্প্লিন্টার আছে। আমি হাঁটতে পারি না। আমাকে জনসভা করার অনুমতি দেওয়া হোক। দুই. দু-একটি সংবাদমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা চাই।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাস অনেক সমৃদ্ধ। অপপ্রচার চালিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বলা হচ্ছে। কিন্তু এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো জায়গার চেয়ে ভালো।কালোটাকা ছড়ানো হচ্ছে: সভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন, নির্বাচনে কালোটাকা ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ ইভিএম চায় না।জবাবে শামসুল হুদা বলেন, নির্বাচনে কেউ কেউ কালোটাকা ব্যবহার ও ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা চালাচ্ছে, তবে নির্বাচন কমিশন এসব বন্ধে সচেষ্ট রয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কেউ টাকা দিলে তা নেবেন। কিন্তু ভোট দেওয়ার সময় নিজের বিবেক খাটিয়ে যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন।’সুজনের সংলাপ: ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ কলেজে সংলাপের আয়োজন করে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এতে যোগ দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কাউন্সিলর পদপ্রার্থী শাহজাদা বাবুল, আজহার হোসেন, অসিত বরণ বিশ্বাস, বিমল দত্ত ও আরমান হোসেন তাঁদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংলাপে চার মিনিট করে বক্তব্য দেন। সংলাপে সভাপতিত্ব করেন সুজনের মহানগর কমিটির আহ্বায়ক আহসানুল করিম চৌধুরী।