সন্ত্রাস হলে ভোট বন্ধ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘নির্বাচনের দিন নারায়ণগঞ্জের কোথাও কোনো সন্ত্রাস হলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ না আমরা সন্তুষ্ট হব, ততক্ষণ ভোট বন্ধ থাকবে।’ তিনি বলেন, নির্বাচন কমিশন যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর কারও কোনো প্রভাব নেই।আজ রোববার নারায়ণগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।মতবিনিময় সভায় এ টি এম শামসুল হুদা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কারও কোনো গাফিলতি সহ্য করা হবে না। সরকারি কর্মকর্তাদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে পারেন।’সিইসি আরও বলেন, যেখানে ফল প্রকাশ করা হবে, সেই জিয়া হল মিলনায়তনের চারপাশ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কর্ডন করে রাখা হবে। বাইরে থেকে কেউ আসতে পারবে না। তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে চাই না। কারণ চট্টগ্রামে বিশৃঙ্খলার কারণে ফল প্রকাশ বিলম্বিত হয়েছিল।’শামসুল হুদা বলেন, ফল প্রকাশের পরও যেন কেউ সন্ত্রাস করতে না পারে, সে জন্য নির্বাচনের পরের দিনও সেনাবাহিনী থাকবে। তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান।মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থীদের মধ্যে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, পেশিশক্তি ও কালো টাকা নির্বাচনের জন্য হুমকি। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সিইসি ভোটারদের উদ্দেশ করে বলেন, কেউ যদি টাকা দিতে আসে তাহলে আপনারা নেন, কিন্তু ভোট দেবেন পছন্দের প্রার্থীকে।আরেক মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী বলেন, ‘আমরা ভোটের রায় ছিনতাই হয়ে যাওয়ার আশঙ্কা করছি।’ তিনি বলেন, কারণ একজন সাংসদ বলেছেন, ৩০ অক্টোবর সন্ধ্যা সাতটার মধ্যে ফল হয়ে যাবে এবং সেটি শামীম ওসমানের পক্ষে যাবে। তিনি অভিযোগ করেন বিভিন্ন স্থানে প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ নয়।মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেন, ‘আমার নামে দু-একটি গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। তারা (গণমাধ্যম) নির্বাচনের দিন নারায়ণগঞ্জে বড় ধরনের কোনো সমস্যা করে সেটা সরাসরি সম্প্রচার করতে চায়। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে সজাগ থাকার অনুরোধ জানান। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষকে সন্ত্রাসী বলা যাবে না।