সন্ত্রাসবাদ দমনে ধন্যবাদ পেল বাংলাদেশ
সন্ত্রাসবাদ দমনে সাফল্যের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেশনাল কমিটির হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিং গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে এ ধন্যবাদ জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এ কথা জানান।বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর প্রত্যার্পণ সম্পর্কে পিটার কিং বলেন, এ ব্যাপারে তিনি চাপ প্রয়োগ করবেন। বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ফিরে আসাকে বাংলাদেশের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের কোটা ও শুল্কমুক্ত প্রবেশের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক কোটা ও শুল্কমুক্ত সুবিধা পেলে বাংলাদেশের অধিকতর আর্থ-সামাজিক উন্নয়ন হবে।সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কঠোরভাবে সামাজিক এই অপরাধ দমন করেছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার দেশের জনগণের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছে।এ সময় প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়া উদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস