সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা উন্নত এবং সম্প্রসারিত হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে) মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০১২’ শীর্ষক ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনে এই অঞ্চলের এক প্রভাবশালী অংশীদার বাংলাদেশ অভ্যন্তরীণ ও আন্তদেশীয় সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহতভাবে পদক্ষেপ নিয়ে চলেছে। এ কারণে আন্তদেশীয় সন্ত্রাসীদের বাংলাদেশে তৎপরতা চালানো কিংবা এখানে নিরাপদ স্বর্গরাজ্য বানানো কঠিন হয়ে পড়েছে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে নাগরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক কর্তৃপক্ষকে নানা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র।প্রতিবেদনে মধ্য ও দক্ষিণ এশিয়া অধ্যায়ে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ অংশে শুরুতে একটি সারমর্ম দেওয়া হয়েছে। এরপর আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অর্থায়ন রোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং মৌলবাদ ও উগ্র সন্ত্রাসবাদ দমন—এ চার অধ্যায়ে ২০১২ সালে বাংলাদেশের অর্জন নিয়ে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ দমন অধ্যাদেশ, ২০০৯’ বাংলাদেশের ফৌজদারি আইনে পূর্ণাঙ্গভাবে প্রয়োগের পথে এগোচ্ছে।তবে সাধারণভাবে সন্ত্রাসবাদ ও অপরাধমূলক মামলার ক্ষেত্রে বিচার-প্রক্রিয়ার অগ্রগতি খুব শ্লথ। বাংলাদেশের স্থল, নৌ ও বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্র ও অন্য সহযোগীদের নিয়ে বাংলাদেশ ২০১২ সালে ন্যাশনাল একাডেমি ফর সিকিউরিটি ট্রেনিং প্রতিষ্ঠা করে সন্ত্রাসবাদ দমনের প্রশিক্ষণ চালু করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করে, ২০১২ সালে বাংলাদেশ পারস্পরিক আইনি সহায়তা নামে একটি আইন প্রণয়ন করেছে, যা সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারিত করবে। এ ছাড়া অপরাধের তদন্তের তথ্য বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। মৌলবাদ ও উগ্র সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।