সন্ত্রাসবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা করবে সার্ক দেশগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ ও চোরাচালান প্রতিরোধে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে গতকাল শনিবার একটি প্রস্তাব পাস করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনে এ প্রস্তাব পাস করা হয়।এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সার্ক পুলিশ গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সম্মেলনের সভাপতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার জন্য ইন্টারপোলের আদলে সার্ক পুলিশ গঠন করা যেতে পারে।দক্ষিণ এশিয়ার দেশগুলো মারাত্মক নিরাপত্তা হুমকির মুখে আছে বলে সতর্ক করে দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার আহ্বান জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন, ‘আমরা সবাই দ্ব্যর্থহীনভাবে স্বীকার করতে পারি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে রয়েছে। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সন্ত্রাসবাদের হুমকি এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠছে এবং এতে করে অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের এই ভয়াবহ হুমকি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।’পি চিদাম্বরম বলেন, ‘সন্ত্রাসী ও পরিকল্পিত সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধ দমন করে নিরাপদ পরিবেশ তৈরিতে আমাদের প্রত্যেকের মধ্যে তথ্যগত সহযোগিতা প্রয়োজন।’পাকিস্তান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, শ্রীলঙ্কার জনব্যবস্থাপনামন্ত্রী (পাবলিক ম্যানেজমেন্ট) রত্নশ্রী বিক্রমনায়েক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ভীম বাহাদুর রাওয়াল, ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী লয়নপো মিনজুর দর্জি, আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুনির মঙ্গল ও মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শিহাব সম্মেলনে অংশ নেন।সন্ত্রাসবাদবিরোধী বিভিন্ন পদক্ষেপ, অভিবাসন ও ভিসা আইনে পরিবর্তন, মাদক ও মানব পাচার রোধ এবং সমুদ্রসীমার নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়।সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার অঙ্গীকার করে পরে একটি বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রীরা। আর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, তাঁর দেশকে জঙ্গিদের আস্তানায় পরিণত হতে দেওয়া হবে না। এএফপি, পিটিআই ও জিয়ো টেলিভিশন।