সন্ত্রাসবাদের অর্থ জঙ্গিদের পকেটে!
ভারতে সন্ত্রাসবাদে জড়িত জঙ্গিরা বিভিন্ন সূত্রে পাওয়া লাখ লাখ রুপি কি কেবল সংগঠনের কর্মকাণ্ডে ব্যয় করছে? প্রতারণার মাধ্যমে কি তারা নিজেদের ব্যক্তিগত পকেট ভারী করছে না?দেশটির অভ্যন্তরে বোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনার তদন্তে এ প্রশ্নের ‘হাঁ’ সূচক জবাব পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।সন্ত্রাসবাদ পরিচালনার জন্য বরাদ্দ করা অর্থ কাজে না লাগিয়ে তারা তাদের নিজেদের পকেট ভারী করছে। ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী দলের তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া আজ সোমবার এ খবর জানিয়েছে।কর্মকর্তারা দাবি করেছেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদের (আইএম) সাধারণ সদস্যরা তো বটেই, শীর্ষ পর্যায়ের নেতারাও এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগৃহীত তহবিল তাঁরা নিজদের স্বার্থে ব্যবহার করছেন।ভারতের সন্ত্রাসবাদবিরোধী দলের এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন সন্ত্রাসী কাতিল সিদ্দিকী চলতি বছরের ৮ জুন পুনের একটি কারাগারে খুন হন। ইন্ডিয়ান মুজাহিদে (আইএম) নতুন সদস্য যুক্ত করার কাজে তাঁকে এক লাখ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু এই এই অর্থের ব্যবহারের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি তা বলতে অনাগ্রহ দেখান। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের কাছে তিনি স্বীকার করেন, দুজন নারীর পেছনে তিনি ওই অর্থ ব্যয় করেছেন এবং সংগঠনটির শীর্ষ নেতারা এ বিষয়ে জানতেন না।সন্ত্রাসবাদবিরোধী দলের ওই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘সিদ্দিকী আমাদের বলেছেন যে তিনি আইএমের আদর্শ অনুসরণে অনাগ্রহী ছিলেন। কিন্তু সন্ত্রাসবাদের জন্য সংগৃহীত তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের বেশি ইচ্ছা ছিল তাঁর। এমনকি তিনি আইএমের বেশ কিছু কার্যক্রমের বিরোধিতাও করেছেন।’সন্ত্রাসবাদবিরোধী দলের এক কর্মকর্তা বলেছেন, ‘সম্প্রতি বেশ কিছু সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছেন। তাঁরা আমাদের কাছে বলেছেন, আইএমের প্রধান ইয়াসিন ভাটকাল ওরফে শাহরুখ একজন আবাসন ব্যবসায়ী হতে চেয়েছিলেন। এ ইচ্ছা পূরণে তিনি একটি নির্মাণাধীন প্রকল্পে ১৪ লাখ রুপি বিনিয়োগ করেন। আইএমের যেসব সদস্য কারাগারে আছেন, তাঁদের আইনি দিক দেখভালের জন্য ২০১০ সালের শুরুর দিকে বিদেশিরা তাঁকে এ অর্থ দিয়েছিল। তিনি এ অর্থ কী করেছেন, সংগঠনের কেউই তা জানে না।’ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, ইয়াসিন ভাটকাল অন্যান্য প্রকল্পে আরও অনেক অর্থ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী ছিলেন।’সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় আইএমের আরেক সন্দেহভাজন জঙ্গি মির্জা হেমায়েত বেগকে সাড়ে ১২ লাখ রুপি দেওয়া হয়েছিল। এ কাজে তিনি ১০ লাখ রুপি ব্যবহার করেন। বাকি আড়াই লাখ তিনি তাঁর নিজের বিভিন্ন ঋণ পরিশোধে ব্যয় করেন।ভারতের সন্ত্রাসবাদবিরোধী দলের কর্মকর্তারা বলছেন, আইএমের অধিকাংশ সদস্যই নিজেদের স্বার্থে সংগঠনের অর্থ ব্যয় করছেন। কারণ তাঁদের কোনো জবাবদিহি নেই।