নিউইয়র্কে সিম্পোজিয়ামে ভাষণ
সন্ত্রাসবাদের আইনি সংজ্ঞা নির্ধারণে মতৈক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত এবং সন্ত্রাসবাদের আইনি সংজ্ঞা নির্ধারণে মতৈক্য প্রতিষ্ঠার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের বাইরে আজ সোমবার ‘কাউন্টার টেরোরিজম কো-অপারেশন’-বিষয়ক এক সিম্পোজিয়ামে মূল বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের এনএলবি সম্মেলনকক্ষে ওই সিম্পোজিয়ামের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।প্রধানমন্ত্রী বিদেশি দখলদারিত্ব এবং স্বাধীনতাকামী জনগণের বৈধ সংগ্রামের মধ্যে সুস্পষ্ট পার্থক্যসহ ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম’ বিষয়ে জাতিসংঘের খসড়া চূড়ান্ত করারও আহ্বান জানান। আলোচনায় অন্যান্যের মধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও অংশ নেন।প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সমগ্র বিশ্বের মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সন্ত্রাসবাদের ভয়ানক থাবা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে নতুন করে শপথ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাস কিংবা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক তত্পরতা চালাতে দেবে না।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী ১৩টি আন্তর্জাতিক কৌশল সমর্থন এবং ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ন্যূনতম সহনশীল না হওয়ার নীতি মেনে চলছে। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে সাত দফা সুপারিশ তুলে ধরে বলেন, সন্ত্রাস দমনে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ের এজেন্ডায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাকে অবশ্যই সর্বোচ্চ স্থান দিতে হবে।শেখ হাসিনা জাতিসংঘের সন্ত্রাস দমন এজেন্ডায় বাংলাদেশের মতো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্য তৈরির বিষয়টিকে শীর্ষে স্থান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের লক্ষ্যে জাতিসংঘের অধীনে বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী-সম্পর্কিত ব্যাপক তথ্য-উপাত্ত সমৃদ্ধ একটি সন্ত্রাস দমন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দেন।প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসের মূল কারণ যেমন অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার কথা উল্লেখ করেন। তিনি বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রশংসা করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।