সন্ত্রাসবাদের দানব পাকিস্তানের সৃষ্টি নয়: হিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, এ অঞ্চলে সন্ত্রাসবাদের কল্পনার দানবটি (ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার) পাকিস্তানের সৃষ্টি নয়। সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই সাক্ষাত্কারটি প্রকাশ করেছে। সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না বলে দেশটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে হিনা রাব্বানি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করছি। নিতান্ত পক্ষপাতদুষ্ট হয়ে বলা হয়েছিল, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তান সামনের কাতারে ছিল না। এ অভিযোগ মোটেই ঠিক নয়। এ ব্যাপারে আমরা সঠিক ভূমিকা পালন করছি।’হিনা রাব্বানি আরও বলেন, এ অঞ্চলে সন্ত্রাসবাদের কল্পনার দানবটি পাকিস্তানের সৃষ্টি নয়। বিশ্ব শক্তির যৌথ অর্থায়নেই এটি হয়েছে। এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও জড়িত বলে মন্তব্য করে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে ঐতিহাসিক প্রমাণপত্র আছে তা ভুলে গেলে চলবে না। আর ওই প্রমাণপত্রই আজ আমাদের এখানে নিয়ে এসেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে কাজ করে যাচ্ছে।’