নিউইয়র্কে সিম্পোজিয়ামে ভাষণ
সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণে মতৈক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত এবং সন্ত্রাসবাদের আইনি সংজ্ঞা নির্ধারণে মতৈক্য প্রতিষ্ঠার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের বাইরে গতকাল সোমবার ‘সন্ত্রাসবিরোধী সহযোগিতা’ শীর্ষক এক সিম্পোজিয়ামে মূল বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের এনএলবি সম্মেলনকক্ষে ওই সিম্পোজিয়ামের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রী বিদেশি দখলদারিত্ব এবং স্বাধীনতাকামী জনগণের বৈধ সংগ্রামের মধ্যে সুস্পষ্ট পার্থক্যসহ ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম’ বিষয়ে জাতিসংঘের খসড়া চূড়ান্ত করারও আহ্বান জানান। আলোচনায় অন্যান্যের মধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও অংশ নেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী ১৩টি আন্তর্জাতিক কৌশল সমর্থন এবং ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ন্যূনতম সহনশীল না হওয়ার নীতি মেনে চলছে। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে সাত দফা সুপারিশ তুলে ধরে বলেন, সন্ত্রাস দমনে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে। তিনি জাতিসংঘের সন্ত্রাস দমন এজেন্ডায় বাংলাদেশের মতো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্য তৈরির বিষয়টিকে শীর্ষে স্থান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের লক্ষ্যে জাতিসংঘের অধীনে বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী-সম্পর্কিত ব্যাপক তথ্য-উপাত্তসমৃদ্ধ একটি সন্ত্রাস দমন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার বন্ধের আহ্বান: প্রধানমন্ত্রী গতকাল রাতে ‘অসংক্রামক ব্যাধি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সভায় অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার বন্ধ এবং অসংক্রামক ব্যাধি প্রতিরোধে খাদ্যে ভেজাল ও রাসায়নিকের ব্যবহার সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এ সভায় অন্যান্যের মধ্যে জিম্বাবুয়ে, হাঙ্গেরি, নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও সেনেগালের প্রেসিডেন্ট ভাষণ দেন।প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও শিল্পের ক্রমবর্ধমান চাহিদা প্রাকৃতিক সম্পদের ওপর ভারসাম্যহীন চাপ, দূষণ, অনিয়ন্ত্রিত নগরায়ণ ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী গত রোববার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেএফকে বিমানবন্দরে পৌঁছান। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেএফকে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ সমাবেশ করেন। বিমানবন্দরের বাইরে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। কড়া নিরাপত্তায় বিশেষ বহির্গমন পথ দিয়ে প্রধানমন্ত্রী বেলা দুইটা ৪৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসা প্রধানমন্ত্রী ম্যানহাটনের বিলাসবহুল ওয়াল্ডফ এস্টোরিয়া হোটেলে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দেবেন। গত বছরও তিনি বাংলায় বক্তব্য দেন। ভারত-নেপালে ক্ষয়ক্ষতিতে শোক: বাসসের খবরে বলা হয়, ভারত ও নেপালে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গতকাল সোমবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের কাছে পাঠানো পৃথক শোকবার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ দুটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠতে সক্ষম হবে।